পরবর্তী প্রজন্মের আইফোনে এ১৬ বায়োনিক চিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এতদিন ধারণা করা হচ্ছিল এর উৎপাদনে টিএসএমসির ৪ ন্যানোমিটার নোড ব্যবহার করা হবে। তবে সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী, এতে টিএসএমসির ৫ ন্যানোমিটার নোডই ব্যবহার করা হবে। খবর গিজমোচায়না।
পূর্বে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল যে আইফোন ১৪ প্রো ও ১৪ প্রো ম্যাক্সের জন্য নতুন এ১৬ চিপ সংরক্ষণ করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। অন্যদিকে বেজ ভার্সন আইফোন ১৪ ও ১৪ ম্যাক্সে গত বছরের এ১৫ বায়োনিক চিপের রিফ্রেশড ভার্সন ব্যবহার করা হবে। পাশাপাশি এ১৬ চিপে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার করা হবে। কিন্তু টিপস্টার শ্রিম্পঅ্যাপলপ্রোর তথ্যানুযায়ী এ বছর নোড পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে না।
টুইট বার্তায় বিশ্বস্ত সূত্রের বরাতে টিপস্টার জানায়, এ১৬ বায়োনিক চিপও ৫ ন্যানোমিটার প্রসেস নোড বা টিএসএমসি এন৫পি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হবে। যদিও টিপস্টার এর শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। তবে তার বিশ্বাসযোগ্য সূত্র এটি জানিয়েছে যে টিএসএমসিএফএফ৫-এর মাধ্যমে এ১৬ বায়োনিক চিপ তৈরি করা হবে, যেটি একটি রিফ্রেশড প্রসেস নোড। এর মাধ্যমে যে চিপ তৈরি করা হবে সেটি আগেরগুলোর তুলনায় উন্নত হবে এবং অধিক কার্যকর গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করা হতে পারে।
টুইটবার্তায় আরো বলা হয়, নতুন এ১৬ বায়োনিক চিপে এলপিডিডিআর৫ র্যাম ব্যবহারের সুবিধা থাকবে। অ্যাপলের এ১৫ চিপসেটে থাকা এলপিডিডিআরফোরএক্সের তুলনায় নতুন র্যাম ইউনিটটি ৩০ শতাংশ কম শক্তি ব্যয়ে দেড়গুণ বেশি কাজ করতে সক্ষম। পাশাপাশি সিপিইউ ও জিপিইউ ইউনিটেও ব্যাপক পরিবর্তন আনা হবে। অন্যদিকে গুঞ্জন রয়েছে যে, আইফোন ১৪ ও ১৪ ম্যাক্সে ৫ ন্যানোমিটার প্রসেস নোডভিত্তিক এ১৬ বায়োনিক চিপ এবং প্রো মডেলগুলোতে আরো উন্নত চিপসেট ব্যবহার করা হতে পারে। তবে নতুন সিরিজের চিপসেটে কোন চিপ ব্যবহার করা হবে সে বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ১৬ এর সঙ্গে এম২ চিপের উন্নয়নেও কাজ করছে অ্যাপল। এতে ৩ ন্যানোমিটারের নোড ব্যবহার করা হবে।










