স্পেশাল অপারেশন নামে ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনা করছে রাশিয়া। আগ্রাসনের অংশ হিসেবে এবার দেশটির সরকারি কর্মকর্তাদের সেলফোনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হ্যাকাররা। সম্প্রতি একজন সিনিয়র সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ পরিষেবার উপপ্রধান ভিক্টর ঝোরা বলেন, দেশটির সরকারি কর্মকর্তারা যেসব ফোন ব্যবহার করছেন, হ্যাকাররা সেগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তাদের ফোন হ্যাকের একাধিক চেষ্টার বিষয়টি দেখা গেছে। বিশেষ করে ম্যালওয়্যার ছড়ানোর ক্ষেত্রে বেশি দেখা গেছে।
হ্যাকাররা কর্মকর্তাদের ফোন হ্যাকের চেষ্টা করলেও ঝোরার সার্ভিসে এখন পর্যন্ত কোনো ডিভাইস আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। গত বছর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী ও অন্যান্য সরকারি কর্মকর্তা কীভাবে তাদের ফোন ব্যবহার করেন এবং তা কীভাবে হ্যাকারদের আক্রমণের শিকার হয় তা প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক এজেন্ডায় পরিণত হয়। জিরো ক্লিক নামের গুপ্ত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দূর থেকে এসব ডিভাইস হ্যাক করার বিষয়টি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হ্যাকার একাই ডিভাইসে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে ভুক্তভোগীকে কোনো কিছু করতে হয় না।










