চলমান কনজিউমার ইলেকট্রনিকস শোয়ে (সিইএস) আনুষ্ঠানিকভাবে রাইজেন ৬০০০ সিরিজের চিপসেট উন্মোচন করল এএমডি। এক বছর আগে একই ইভেন্টে ল্যাপটপের জন্য আনুষ্ঠানিকভাবে রাইজেন ৫০০০ চিপসেট উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। নতুন সিরিজ সেটিরই উন্নত সংস্করণ। খবর গিজমোচায়না।
নতুন উন্মোচিত ল্যাপটপ চিপসেটগুলো আগের সিরিজগুলোর তুলনায় কাজ সম্পাদনে ১ দশমিক ৩ গুণ অধিক গতিশীল। পাশাপাশি চিপগুলো গেমারদের দ্বিগুণ পারফরম্যান্স প্রদানের সঙ্গে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ প্রদানে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটি শক্তিশালী, সৃজনশীল ও গেমিংয়ের জন্য ব্যবহূত ডিভাইসগুলোয় (৩৫ থেকে ৪৫ ওয়াট) এইচ সিরিজের রাইজেন ৬০০০ চিপ এবং সরু ও হালকা কাজের জন্য ব্যবহূত ডিভাইসগুলোয় (১৫ থেকে ২৮ ওয়াট) ইউ সিরিজের চিপ ব্যবহারের সুবিধা দেবে।
নতুন সিরিজের চিপগুলোয় জেন ৩প্লাস সিপিইউ আর্কিটেকচার ও ৬ ন্যানোমিটারের প্রসেস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ইন্টিগ্রেটেড গ্রাফিকসের ক্ষেত্রে বহু বছর ধরে ব্যবহূত ভেগা আর্কিটেকচার পরিবর্তন করে আরডিএনএ২ ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর হচ্ছে রাইজেন ৯ ৬৯৮০ এইচএক্স। এ চিপসেটে ৩ দশমিক ৩ গিগাহার্টজ ক্লকস্পিড থেকে ৫ গিগাহার্টজ পর্যন্ত বর্ধনযোগ্য আটটি কোর ও ১৬টি থ্রেড রয়েছে। এছাড়া ২ দশমিক ৪ গিগাহার্টজের ১২টি গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কোর রয়েছে।
রাইজেন ৬০০০ সিরিজের চিপসেটে দ্রুতগতির এসএসডি ড্রাইভ ব্যবহারের জন্য পিসিআই এক্সপ্রেস ৪.০ এবং অধিক মেমোরি ব্যান্ডউইডথের জন্য ডিডিআরফাইভ র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। উইন্ডোজ ১০ ও ১১ ব্যবহূত কম্পিউটারগুলোর নিরাপত্তা বাড়াতে এ সিরিজের চিপগুলোয় মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। নতুন চিপগুলোয় প্রতি সেকেন্ডে ৪০ গিগাবাইট স্পিডে ডাটা ট্রান্সফারের ফিচারসহ ইউএসবি৪ পোর্ট, হাই ফ্রেম রেটের জন্য এইচডিএমআই ২.১ ও ভিআরআর, ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ এলই ৫.২ রয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।










