৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম অধিগ্রহণ। এরপর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মোট কর্মীর অর্ধেক ও চুক্তিভিত্তিক দুই হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে সমালোচনার কেন্দ্রে রয়েছেন ইলোন মাস্ক। এরপরও আরো ছাঁটাইয়ের কথা ভাবছেন তিনি। খবর রয়টার্স।

ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইলোন মাস্ক আরো কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে ভাবছেন। এবার প্লাটফর্মটির সেলস ও পার্টনারশিপ দল এতে আক্রান্ত হতে পারে। টুইটার ২ ভার্সন তৈরির আল্টিমেটাম দেয়ার পর অনেক কর্মীই এর বিরোধিতা করেছিলেন। এর পরই নতুন করে ছাঁটাইয়ের বিষয়টি প্রকাশ্যে এল।

সম্প্রতি মাস্ক টুইটারের অ্যাড সেলস বিভাগের প্রধান রবিন হুইলার ও পার্টনারশিপ প্রধান ম্যাগি সুনিউইকে আরো কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেন। নির্দেশ অমান্য পারায় পরবর্তী সময়ে তাদের দুজনকেই ছাঁটাই করা হয়। এ বিষয়ে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছাঁটাইয়ের কারণে বর্তমানে যোগাযোগের জন্য টুইটারে কোনো আলাদা দল নেই।

প্রযুক্তি বিশ্লেষকরা জানান, টুইটার যদি আরো কর্মী ছাঁটাই করে তাহলে প্লাটফর্মটিতে মাত্র সাড়ে সাত হাজার কর্মী অবশিষ্ট থাকবে। অনেকের অভিমত, এর ফলে একটা পর্যায়ে টুইটারের কার্যক্রম পরিচালনাও অসম্ভব হয়ে পড়বে।