ফটোজ অ্যাপের ব্যাকআপ ফিচারে বেশকিছু পরিবর্তন এনেছে গুগল। বিশেষ করে ভিডিও ব্যাকআপে নতুন পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটসনাউ।

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যানুযায়ী, সার্চ ইঞ্জিন জায়ান্টটি মোবাইল ডাটা ব্যবহারের মাধ্যমে ভিডিও ব্যাকআপ না করার অপশন সরিয়ে দিয়েছে। তবে নতুন পরিবর্তনের বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে ফিচারটি গুগল ফটোজে মোবাইল বা সেলুলার ডাটা ব্যবহারের মাধ্যমে ভিডিও ব্যাকআপ বন্ধ করার সুবিধা দিত।

নতুন আপডেটের ফলে এখন থেকে ব্যবহারকারীরা আর ভিডিও ব্যাকআপ বন্ধ বা বাতিল করতে পারবেন না। ফলে ভিডিও ব্যাকআপের জন্য ব্যবহারকারীদের প্রতিদিন বড় পরিমাণের মোবাইল বা সেলুলার ডাটা ব্যবহার করতে হবে। এর আগে ফটোজ অ্যাপে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখার জন্য আলাদা অপশন ছিল। এছাড়া শুধু ওয়াই-ফাইয়ের মাধ্যমে ভিডিও ব্যাকআপের অপশনও ছিল।

নতুন পরিবর্তনের পাশাপাশি ফটোজে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন নির্ধারিত পরিমাণ ব্যাকআপ লিমিট নির্ধারণের ফিচারও যুক্ত হয়েছে। তবে এখানে ছবি ও ভিডিওর জন্য আলাদা কোনো অপশন নেই। নতুন পরিবর্তনটি সিস্টেম সাইড আপডেট এবং ধীরে ধীরে সবার জন্য এটি চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গুগলের নতুন এ পরিবর্তনের ফলে মোবাইল বা সেলুলার ডাটা ব্যবহারের মাধ্যমে ছবি ও ভিডিও ব্যাকআপের কারণে গ্রাহক পর্যায়ে ব্যয় বাড়বে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।