ইউক্রেনে রুশ হামলার দ্বিতীয় মাসে রাশিয়ায় সব ধরনের পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পটিফাই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার নতুন আইন অনুসারে রুশ সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের কারণে ১৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের শাস্তি দেয়া হবে। প্রাথমিকভাবে এর কারণেই দেশটিতে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পটিফাই। খবর দ্য ভার্জ।

স্পটিফাইয়ের এক মুখপাত্র জানান, স্বাধীন ও নির্ভরযোগ্য খবর ও তথ্য প্রচার করতে রাশিয়ায় পরিষেবা অব্যাহত রাখাকে গুরুত্ব দিয়েছে স্পটিফাই।

তবে দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি তথ্য সংগ্রহে বিধিনিষেধ আরোপসহ মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত এনেছে রাশিয়ার নতুন আইন। ফলে আমাদের কর্মীসহ শ্রোতারাও ঝুঁকির সম্মুখীন। সার্বিক বিষয় বিবেচনা করে রাশিয়ায় সব ধরনের পরিষেবা বন্ধের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের এপ্রিলের মধ্যেই রাশিয়ায় স্পটিফাইয়ের সব ধরনের পরিষেবা কার্যক্রম বন্ধ করা হবে।

এর আগে এ মাসেই আরটি থেকে কনটেন্ট সরিয়ে নিয়েছে স্পটিফাই। এছাড়া এ মাসে রাশিয়ায় অফিস বন্ধ করেছে স্পুটনিক। তবে স্পটিফাইয়ের সর্বশেষ ঘোষণার মাধ্যমে দেশটিতে স্ট্রিমিং পরিষেবা বন্ধের ঘোষণা দিল স্পটিফাই।