স্বয়ক্রিয় ড্রাইভিং সেন্সরসহ প্রতিটি গাড়িতে সুপারকম্পিউটার ফিচার যুক্ত করতে যাচ্ছে মার্সিডিজবেঞ্জ। জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এ বিষয়ে টেক জায়ান্ট গুগলের সঙ্গে সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি করেছে। টেসলা ও অন্যান্য চীনা গাড়ি নির্মাতার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এ উদ্যোগ। খবর রয়টার্স।
মার্কিন গাড়ি নির্মাতা টেসলার সফটওয়্যার-চালিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের অন্য নির্মাতারাও। নতুন প্রযুক্তির গাড়িতে ইঞ্জিনের কার্যক্ষমতা ও ব্যাটারি রেঞ্জ বাড়ানোসহ স্বয়ংক্রিয় ড্রাইভিং সক্ষমতা যুক্ত করা হচ্ছে। এ বিষয়ে মার্সিডিজ বেঞ্জের সিইও ওলা ক্যালেনিয়াস জানিয়েছেন, উচ্চশক্তিসম্পন্ন চিপ কেনার ব্যয় কমানোর লক্ষ্যে চিপ নির্মাতা এনভিডিয়া করপোরেশনের সঙ্গে মার্সিডিজের চুক্তি হয়েছে। ২০২০ সাল থেকেই স্বয়ক্রিয় ড্রাইভিং সফটওয়্যার সম্পর্কিত অংশীদার হিসেবে কাজ করছে উভয় প্রতিষ্ঠান।
স্বয়ংচালিত সেন্সর প্রস্তুতকারক লুমিনার টেকনোলজিসের সঙ্গেও মার্সিডিজের একটি ছোট অংশীদারত্ব রয়েছে। লুমিনার কর্তৃপক্ষ বলছে, চলতি দশকের মাঝামাঝি বিস্তৃত পরিসরে এসব সেন্সর মার্সিডিজ গাড়িতে যুক্ত করার লক্ষ্যে কয়েক শত কোটি ডলারের চুক্তি হয়েছে। এর ফলে লুমিনারের শেয়ারগুলো ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ক্যালিফোর্নিয়ার সানিভেল শহরে এক সফটওয়্যার আপডেট দিবসে মার্সিডিজের কর্তৃপক্ষের সাম্প্রতিক ঘোষণায় বিভিন্ন সরবরাহকারীর সফটওয়্যারকে একীভূত করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সফটওয়্যারের মূল নিয়ন্ত্রণ ও অংশীদারত্ব সম্পর্কিত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
২০২২ সালে মার্সিডিজ নতুন প্রযুক্তির সফটওয়্যার-যুক্ত গাড়ি থেকে এরই মধ্যে ১০৬ কোটি ডলার আয় করেছে। চলতি দশকের মাঝামাঝি থেকে প্রতিষ্ঠানটি নতুন এমবি.ওএস অপারেটিং সিস্টেম চালু করার পরে ২০৩০ সালের মধ্যে এর পরিমাণ বহুগুণ বাড়াতে পারবে বলে প্রত্যাশা করছে। ওলা ক্যালেনিয়াস বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছি। কেননা এ অবস্থায় কেউ জানে না যে এ সম্ভাবনা কতটা সফল হবে।’
গুগলের সঙ্গে চুক্তি সম্পর্কে মার্সিডিজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে মার্সিডিজ গাড়িতে ট্রাফিক তথ্য এবং স্বয়ংক্রিয় পথনির্দেশনা ফিচার যুক্ত করা সম্ভব হবে। ড্রাইভাররা গাড়ি পার্কিংয়ের সময় বা লেভেল ৩ স্বয়ংক্রিয় ড্রাইভিং মোডে গাড়িতে সংযুক্ত বিনোদন ব্যবস্থা থেকে ইউটিউবের ভিডিও দেখতে পারবে। এ সময় ড্রাইভারকে নির্দিষ্ট কোনো রাস্তায় সারাক্ষণ হুইলের দিকে তাকিয়ে থাকতে হবে না। তবে প্রয়োজন হলে ড্রাইভার যেকোনো সময় গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারবেন। এছাড়া মার্সিডিজের আসন্ন সব গাড়ির ককপিটজুড়ে প্রশস্ত হাইপারস্ক্রিন যুক্ত করা হবে।
এদিকে জেনারেল মোটরস, রেনোঁ, নিশান ফোর্ডের মতো অন্য গাড়ি নির্মাতারাও তাদের গাড়িতে গুগল পরিষেবার সম্পূর্ণ প্যাকেজ অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ফিচার।










