প্রযুক্তি খাতে বর্তমানে ব্যাপক হারে কর্মী ছাঁটাই চলছে। সবশেষ তৃতীয় পক্ষের ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবার সুইডেনে ১ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে টেলিযোগাযোগ যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান এরিকসন। খবর রয়টার্স।

আগে দেয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি ২০২৩ সালের শেষ নাগাদ ৯০০ কোটি ক্রাউন বা ৮৮ কোটি ডলার সমমানের কর্মসংস্থানের সুযোগ কমানোর কথা জানিয়েছিল। এর মধ্যে উত্তর আমেরিকাও রয়েছে। এ বিষয়ে অবগত দুটি সূত্র জানায়, সামনের আরো কয়েকটি দেশে কর্মী ছাঁটাই করা হবে এবং সে বিষয়ে শিগগিরই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে।

২০১৭ সালে এরিকসন শেষবার বড় ধরনের ছাঁটাই করেছিল। সে সময় প্রতিষ্ঠানকে ক্ষতির মুখ থেকে বাঁচাতে কয়েক হাজার কর্মীকে অব্যাহতি দেয় এবং গবেষণায় মনোনিবেশ করে। ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়ার আগে কোম্পানিটি খরচ কমানোর জন্য সুইডেনের শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছে বলে জানা গেছে।

আলোচনা শেষে বর্তমানে কর্মীসংখ্যা কমানোর বিষয়ে ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে বলে এক মুখপাত্র সূত্রে জানা গেছে। স্বেচ্ছা কার্যক্রমের মাধ্যমে ছাঁটাই করা হবে বলেও সূত্রে জানা গেছে।