ভারতে ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অ্যাপল। প্রত্যাশা থাকা সত্ত্বেও সরবরাহ, শুল্ক ও কাঠামোগত কারণে প্রতিবন্ধকতার মুখোমুখি আইফোন প্রস্তুতকারক কোম্পানিটি। সম্প্রতি এমনটাই জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
করোনাকালীন নিষেধাজ্ঞার কারণে চীনে বাধাগ্রস্ত বাণিজ্যিক অগ্রযাত্রা। একই সঙ্গে হুমকির মুখে পড়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার ভূরাজনৈতিক সম্পর্ক। ফলে চীনে উৎপাদন কার্যক্রম কিছুটা সরিয়ে নিচ্ছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি। টাটা গ্রুপের সঙ্গে মিলে ভারতে কেসিংয়ের কারখানা খুলেছিল অ্যাপল। ২০১৭ সাল থেকে বড় অংকের বিনিয়োগ করে চলছে। এ ব্যাপারে প্রথমে উইসট্রন করপোরেশন ও পরে ফক্সকনের সঙ্গে চুক্তি হয়। কিন্তু প্রস্তুতকৃত পণ্যের অর্ধেকই মানের দিক থেকে প্রত্যাশার চেয়ে নিচে। ফলে সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কাছে পাঠানো যাচ্ছে না।
অ্যাপলের ‘জিরো ডিফেক্টস’ নীতি উতরে যেতে পারেনি ভারতের ৫০ শতাংশ উৎপাদন লক্ষ্যমাত্রা। এ প্রসঙ্গে অ্যাপল কিংবা টাটা গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে গত মাসে ভারতীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, অ্যাপল ভারতে তাদের ব্যবসা ৫-৭ শতাংশ থেকে সম্প্রসারিত করে ২৫ শতাংশে উত্তীর্ণ করতে চায়।










