বছরের চতুর্থ প্রান্তিকে জাপানের হিরোশিমায় অবস্থিত কারখানায় আধুনিক ডির‌্যাম মেমোরি চিপের অধিক উৎপাদন শুরু করবে মাইক্রন। জাপানের পাশাপাশি তাইওয়ানেও যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। খবর গিজমোচায়না।

মাইক্রন টেকনোলজির বিভাগীয় পরিচালক লু দংহুই বলেন, বছরের দ্বিতীয়ার্ধে এথ্রি চিপ কারখানাটিতে শিগগিরই এক্সট্রিম আল্ট্রাভায়োলেট (ইইউভি) বা অতিবেগুনি রশ্মির লিথোগ্রাফি সরঞ্জাম ব্যবহার করা হবে। ২০২৪ সালে বাজারজাতের অপেক্ষায় থাকা ১-গামা ডির‌্যামের ব্যাপক উৎপাদনের জন্য এ প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রাথমিকভাবে জাপানে ১-বেটা ডির‌্যাম উৎপাদন করা হবে। পরবর্তী সময়ে তা তাইওয়ানের কারখানায় স্থানান্তর করা হবে। বর্তমানে তাইওয়ানে ১-আলফা ডির‌্যাম উৎপাদন করা হচ্ছে। আইটিহোমের পর নিকেই এশিয়া প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা সুমিত সাদানার বরাত দিয়ে জানায়, চলতি বছরের শেষ তথা চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি হিরোশিমা প্লান্টে আধুনিক ডির‌্যাম চিপ উৎপাদন শুরু করবে।

এক সাক্ষাত্কারে সুদানা জানান, জাপানে ডির‌্যামের উৎপাদন শুরুর জন্য প্রতিষ্ঠানটি দেশটির সরকার ও অন্যান্য ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কাজ করছে। হিরোশিমার কারখানায় কী পরিমাণ বিনিয়োগ হবে—এ বিষয়ে কিছু জানাননি তিনি। তবে এ ধরনের উৎপাদন কার্যক্রমের জন্য নতুন যন্ত্রপাতি ও পরিষ্কার রুমের দরকার হয় বলে জানান তিনি।

গত বছর মাইক্রন টেকনোলজি মেমোরি উৎপাদন এবং গবেষণা ও উন্নয়নের জন্য আগামী দশকে ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে।