সম্প্রতি কয়েক ডজন নতুন ভিডিও গেম প্রকাশের অনুমোদন দিয়েছে চীন। সংশ্লিষ্ট খাতের বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। এর মাধ্যমে কয়েকটি বড় টেক জায়ান্টের শেয়ারদর বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া ট্রেড।

বিশ্বের শীর্ষ গেমিং বাজার চীন। গত বছর দেশটির ওপর কয়েক দফা বিধিনিষেধ জারি করেন চীনা কর্মকর্তারা। যুদ্ধের গেমে শিশু-কিশোরদের আসক্তি বন্ধ করতেই মূলত এ পদক্ষেপ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ নয় মাস নতুন গেমের অনুমোদন স্থগিত করা হয়। এতে টেনসেন্টসহ বিভিন্ন টেকজায়ান্ট ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি এ বিধিনিষেধ কিছুটা শিথিল হতে শুরু করেছে। চীনের ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ৬০টি নতুন গেম অনুমোদন করা হয়েছে।

সিটি বিশ্লেষকরা জানান, এবার পারফেক্ট ওয়ার্ল্ড, শেংকু গেমস, মিহোইয়ো ও চাংইউ অনুমোদিত হয়েছে। এতে আমরা আনন্দিত। আশা করা যায়, পরবর্তী ব্যাচে টেনসেন্ট ও নেটইজের টাইটেলও অনুমোদিত হবে। এছাড়া এর মাধ্যমে চীনের ইন্টারনেট খাতে সরকারি নীতির সহযোগিতার ইতিবাচক বার্তাও দেয়া হবে।

সাম্প্রতিক সময়ে কভিড-১৯ মহামারীর কারণে বিধিনিষেধ আরোপ করা হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চীনা অর্থনীতি। এর অভিঘাত আসে চীনের প্রযুক্তি সংস্থাগুলোর ওপরও।