প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তা ভাতা বাড়িয়েছে মেটা। ৪০ লাখ ডলার বাড়ানোর পর তা ১ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে। খবর রয়টার্স।
এক ফাইলিংয়ে মেটা জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাকারবার্গ ও তার পরিবারের জন্য এ বর্ধিত ভাতা সামগ্রিক নিরাপত্তা কর্মসূচির জন্য প্রয়োজনীয়। ২০২৩ সালকে দক্ষতার বছর আখ্যা দিয়ে মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। এছাড়া ব্যয় কমাতে আরো কিছু উদ্যোগও নিয়েছে। এ অবস্থায় নতুন করে নিরাপত্তা ভাতা বাড়ানোর বিষয়টি প্রকাশ্যে এল।
ফোর্বসের বিলিয়নেয়ারের তালিকায় ৩৮ বছর বয়সী মার্ক জাকারবার্গের অবস্থান ১৬তম। ২০২১ সালে তিনি ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৭০ লাখ ডলার পেয়েছেন। তবে ২০২২ সালের ক্ষতিপূরণের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি মেটা। গত সপ্তাহে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, একাধিক দলের কার্যক্রম পরিচালনায় যে বাজেট প্রয়োজন সেটি এখনো চূড়ান্ত করতে পারেনি মেটা। কেননা প্রতিষ্ঠানটি আরো কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে।










