সম্প্রতি মাইক্রোসফট ও অক্টার সার্ভারে হামলার মাধ্যমে বড় ধরনের তথ্য হাতিয়ে নেয় ল্যাপসাস নামের হ্যাকার গ্রুপ। হামলার পর তদন্তে সাইবার নিরাপত্তা গবেষকরা ইংল্যান্ডের অক্সফোর্ডে থাকা ১৬ বছর বয়সী এক কিশোরের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। খবর এনগ্যাজেট।
সম্প্রতি ল্যাপসাস গ্রুপটি বেশকিছু সোর্স কোড প্রকাশ করেছে। এসব কোডের সূত্র ধরে তদন্ত শুরু করেন গবেষকরা। ইংল্যান্ডের কিশোরের পাশাপাশি তারা হামলার সঙ্গে আরো সাতটি অ্যাকাউন্টের সম্পৃক্ততার তথ্য খুঁজে পান, যার মধ্যে ব্রাজিলে আরেক কিশোরের অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। গবেষকদের ধারণা ইংল্যান্ডের কিশোরই ল্যাপসাস হামলার প্রধান পরিকল্পনাকারী। তবে তারা হামলায় ব্যবহূত সব অ্যাকাউন্টে কিশোরের সম্পৃক্ততার বিষয় যাচাই করতে পারেননি।
গবেষকরা হামলার পর ফরেনসিক তথ্যপ্রমাণাদির পাশাপাশি সাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কিশোরের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করেন। প্রকৃতপক্ষে প্রতিপক্ষ হ্যাকাররা হামলা শেষে অনলাইনে কিশোরের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ব্লুমবার্গ এখনো কিশোরের ব্যক্তিগত ও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কিছু সাইবার নিরাপত্তা গবেষকের ধারণা গ্রুপটি শুধু অর্থ নয়, কুখ্যাতির জন্যও অনুপ্রাণিত ছিল।









