আন্তর্জাতিক ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ) গেমসকে কেনার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ইএ গেমস অধিগ্রহণ প্রযুক্তি জায়ান্টটির ব্যবসার জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর টেক টাইমস।
২০১৯ সালের সেপ্টেম্বরে অ্যাপল আরকেড নামে ভিডিও গেম সাবস্ক্রিপশন পরিষেবা বের করে অ্যাপল। অনেকটা এক্সবক্স গেম পাসের মতোই এ পরিষেবা। তবে প্রাথমিকভাবে শুধু অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএসেই চলে অ্যাপল আরকেড। এর মাধ্যমেই গেমিং জগতে প্রবেশ করে টেক জায়ান্টটি। এর জন্য ভোক্তাদের প্রতি মাসে ৫ ডলার ফি দিতে হয়।
অন্যদিকে গেমিং জগতের জনপ্রিয় নাম ইএ। ফিফা, এনএইচএল, ব্যাটলফিল্ড, অ্যাপেক্স লিজেন্ডস, দ্য সিমস, স্টার ওয়ারস জেডি: ফলেন অর্ডার ইত্যাদি গেমস এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে প্রযুক্তিপ্রেমীদের কাছে। এসব গেমের মূল পৃষ্ঠপোষক ইএ।
এর আগে অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেমিং প্রতিষ্ঠানকে কিনে নেয় আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এছাড়া সম্প্রতি টেক-টু ইন্টার অ্যাকটিভের কাছ থেকে ১ হাজার ২৭০ কোটি ডলারে জিঙ্গা কিনে নেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা আরো বাড়ার প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। সুতরাং সব দিক বিবেচনা করলে ইএ কিনলে তা অ্যাপলের জন্য লাভজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইএ কিনে নেয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত কথা হয়নি অ্যাপলের সঙ্গে। এর আগে ইএ ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানকে কিনে নেয়ার কথা ছিল এনবিসি ইউনিভার্সালের। তবে আলোচনার চূড়ান্ত পর্যায়ে চুক্তিটি বাতিল হয়।










