প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহের পরীক্ষা চালিয়ে আসছে ওয়ালমার্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের পরিষেবার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে। খবর এনগ্যাজেট।
চলতি বছরের শেষ নাগাদ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি তাদের ড্রোনআপ নেটওয়ার্কে আরো ৩৪টি অঞ্চল যুক্ত করবে বলে জানা গিয়েছে। এ পরিপ্রেক্ষিতে অ্যারিজোনা, আরকানসাস, ফ্লোরিডা, টেক্সাস, উতাহ ও ভার্জিনিয়ার ৪০ লাখ ঘরের অধিবাসীরা ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবে। মাত্র ৪ ডলার ব্যয়ে একজন গ্রাহক ১০ পাউন্ড পর্যন্ত গৃহস্থালি পণ্য ও কাঁচাবাজারের চাহিদা জানাতে পারবে। পরিষেবাটি ব্যবহারের ক্ষেত্রে ওয়ালমার্ট ৩০ মিনিটের মধ্যে পণ্য সরবরাহ করবে বলে সূত্রে জানা গিয়েছে।
২০২২ সালের শেষ নাগাদ ওয়ালমার্ট ড্রোনের মাধ্যমে ১০ লাখ প্যাকেজ ডেলিভারি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টরা এটিকে অন্যতম একটি মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন। তবে প্রকল্পটি লাভজনক হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানায়, তারা স্থানীয় সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানেও তাদের ড্রোন পরিষেবা দেবে।
উদাহরণস্বরূপ, ওয়ালমার্ট জানায় ড্রোনের মাধ্যমে নির্মাণ প্রতিষ্ঠানগুলো তাদের কর্মস্থলের বা প্রজেক্ট সাইটের ছবি পাবে। ডেলিভারি ফি থেকে যে আয় হবে তা যে শুধু রাজস্ব বাড়াবে এমন কিছু নয়। পাশাপাশি এটি ফ্লাইটসংক্রান্ত তথ্য সংগ্রহের মাধ্যমে আরো নিরাপদ ও সহজ ডেলিভারি সিস্টেম তৈরিতে ড্রোন খাতকে সহায়তা করবে।










