অধিগ্রহণের পর প্রথম তিন সপ্তাহে এক-তৃতীয়াংশ বা সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে সমালোচনার কেন্দ্রে ছিলেন ইলোন। তবে এ প্রক্রিয়া থেকে সরে এসে আবারো কর্মী নিয়োগে ঝুঁকছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর দ্য ভার্জ।

সম্প্রতি টুইটারের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন ইলোন মাস্ক। সেখানে তিনি বলেন, কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কর্মীদের কাজে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ারিং ও বিক্রয় বিভাগে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। যারা সফটওয়্যার তৈরি ও ব্যবহারে অভিজ্ঞ ভবিষ্যতে তারাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

কিন্তু টুইটারে কী ধরনের ইঞ্জিনিয়ারিং বা বিক্রয়ে ভূমিকা রাখতে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে সে বিষয়ে মাস্ক বিস্তারিত কিছু জানাননি। পাশাপাশি প্লাটফর্মটির বর্তমান ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তালিকাও প্রকাশ করা হয়নি। বৈঠকে বিশ্বের শীর্ষ এ ধনী বলেন, টেসলার মতো টুইটারের সদর দপ্তর টেক্সাসে সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। যদি সদর দপ্তর টেক্সাসে স্থানান্তর করা হয়, তাহলে আমার মনে হয় গ্রাহক বা টুইটার ব্যবহারকারীদের কাছে ভুল ধারণা উপস্থাপন হতে পারে।

গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন ইলোন মাস্ক। এর পর পরই প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়াল ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করে নিজেই সিইও পদ দখল করেন মাস্ক। ২০২১ সালের শেষ দিকে টুইটারে কর্মী সংখ্যা ছিল সাত হাজার। বর্তমানে তা কমে দুই হাজারে দাঁড়িয়েছে।