বিশ্বজুড়ে যখন চিপ সংকট প্রকট তখন উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে একাধিক সরবরাহ উৎসের দিকে ঝুঁকছে স্মার্টফোন উৎপাদনকারীরা। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।

চিপ সংকটের মধ্যেও ২০২১ সালে স্মার্টফোন বিক্রি চাঙ্গা ছিল। কারণ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং উৎপাদন বাড়াতে অন্য সরবরাহকারীদের উপর নির্ভর করেছিল।

বাজার গবেষণা প্রতিষ্ঠান টেকআর্কের তথ্যানুযায়ী, গত বছর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান যেসব স্মার্টফোন বাজারজাত করেছে, তার ৮১টিতে মিডিয়াটেকের প্রসেসর ছিল। যেখানে ভারতে কোয়ালকমের চিপ ব্যবহার করে ৫১টি স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। একই বছর রিয়েলমি, স্যামসাং ও মটোরোলা তিনটি ভিন্ন সরবরাহকারীর কাছ থেকে চিপ সংগ্রহ করেছে।

অন্য উৎসের ওপর নির্ভরশীলতা কমাতে বেশকিছু প্রযুক্তি জায়ান্ট নিজস্ব চিপ উৎপাদন শুরু করেছে। অ্যাপলের পর স্যামসাং, হুয়াওয়ে, গুগল ও অপো তাদের চিপসেট উন্মোচন করেছে।