চীনে অ্যাপলের অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড স্টোরে আবারো ফিরে এসেছে ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গো। দীর্ঘ প্রায় এক বছর পর পরিষেবা ফের চালু করল নাসডাক তালিকাভুক্ত মার্কিন অ্যাপটি। খবর টেকক্রাঞ্চ।
গত আগস্ট থেকে ডুয়োলিঙ্গো ব্যবহার করতে পারেননি চীনা ব্যবহারকারীরা। ওই সময় স্কুল-পরবর্তী লাভজনক শিক্ষাদানে বিধিনিষেধসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অভিযান চালিয়েছে চীনা কর্তৃপক্ষ। তখন ডুয়োলিঙ্গো স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিল, অ্যাপের কনটেন্ট কমপ্লায়ান্স জোরদার করার নির্দেশনা পেয়েছেন। ২০১৯ সালে চীনের বাজারে প্রবেশ করেছিল পেনসিলভানিয়ার পিটসবার্গভিত্তিক কোম্পানিটি।
সাম্প্রতিককালে সব ধরনের অ্যাপকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় রেখেছে চীনের তদারকি সংস্থাগুলো। ভিডিও গেম থেকে লাইভ স্ট্রিমিং প্লাটফর্মগুলোর মতো অতিরিক্ত ডাটা ব্যয়কারী কোম্পানিগুলোর ওপর কনটেন্ট মডারেশনে জোর দিতে বলছে তারা।
টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও গুগলের মতো মার্কিন টাইটানগুলো দীর্ঘদিন ধরে চীনে বন্ধ রয়েছে। বেইজিংয়ের কমপ্লায়েন্স নীতিমালায় বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় তাদের সেবা বন্ধ অথবা পুনর্গঠন করতে শুরু করেছিল।
টেকক্রাঞ্চের প্যারেন্ট কোম্পানি ইয়াহু গত নভেম্বরে চীনে তাদের সেবা কার্যক্রম গুটিয়ে নেয়। পেশাজীবীদের নেটওয়ার্কিং প্লাটফর্ম লিঙ্কডইন একটি ছোট পরিসরে চীনা সংস্করণ চালু করেছে। আর চলতি সপ্তাহে নাইকি বলেছে, চীনের স্থানীয় সমাধান-সংবলিত অ্যাপটি হবে চলমান অ্যাপটির স্থলাভিষিক্ত।
যারা এখনো চীনকে একটি সম্ভাব্য লাভজনক বাজার হিসেবে দেখেন, তারা দেশটির পরিবর্তিত ইন্টারনেট নীতিমালার অধীনেই থেকে যাবেন। কিন্তু প্রায়ই তাদের অ্যাপের বৈশ্বিক সংস্করণ বা সেবা চীনের নতুন নীতিমালায় আবদ্ধ পরিবেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। ডুয়োলিঙ্গো তাদের মধ্যে রয়েছে, যারা চীনে তাদের সেবাকে কাটছাঁট করে কাজ চালিয়ে যাচ্ছে। এ সপ্তাহে তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে পুনঃপ্রবর্তিত অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে, যাতে গেমিং বৈশিষ্ট্যসহ ৪১টি ভাষা শেখা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য আপডেট হলো, এটি ক্যান্টনিজ ভাষাও শেখানো শুরু করবে। ক্যান্টনিজ হংকং ও ম্যাকাওয়ের বাসিন্দাদের কথ্য ভাষা। একই সঙ্গে সমৃদ্ধ চীনা প্রদেশ গুয়াংডং এবং বিশ্বজুড়ে প্রবাসী চীনাদের উল্লেখযোগ্য জনগণ এ ভাষায় কথা বলে।
১০ বছর আগে ৩০ নভেম্বর ২০১১ সালে যাত্রা শুরু ভাষা শেখাবিষয়ক অ্যাপ ডুয়োলিঙ্গোর। বর্তমানে বিশ্বের ৪১টি ভাষা এ অ্যাপের মাধমে শেখার সুযোগ রয়েছে।










