স্যামসাংয়ের এন্ট্রি লেভেলের ও মাঝারি দামের কিছু স্মার্টফোনে এলজির ব্যাটারি থাকবে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য উঠে এসেছে। খবর ফোন অ্যারেনা।

অতীতেও গ্যালাক্সি এস ও নোট সিরিজের ফোনে এলজি ব্যাটারি ব্যবহার করেছিল স্যামসাং। এবার গ্যালাক্সি এ ও এম সিরিজের ফোনে ব্যবহার হতে পারে এলজির ব্যাটারি।

স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়, উপকরণ সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্য আনার পাশাপাশি ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। এতদিন পর্যন্ত সাশ্রয়ী ও মাঝারি দামের ফোনের জন্য চীনের অ্যামপারেক্স টেকনোলজি লিমিটেড এবং ভারত ও জাপানের জয়েন্ট ভেঞ্চার নাভিটাসিস থেকে ব্যাটারি সংগ্রহ করছিল স্যামসাং। চীনে সাম্প্রতিক লকডাউনের ফলে অনেক কারখানাই তাদের কার্যক্রম বন্ধ রেখেছে বা কমিয়ে দিয়েছে। গ্যালাক্সি এ ও গ্যালাক্সি এম সিরিজের ব্যাপারে সহযোগিতা বাড়াচ্ছে এলজি ও স্যামসাং। ব্যাটারি নির্মাণের প্রাথমিক কাজ সম্পন্ন হবে এলজি এনার্জি সলিউশনসের নানজিং কারখানায়।