ক্লাউড কম্পিউটিং নিয়ে সিএমই গ্রুপের সঙ্গে নতুন চুক্তি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এরই মধ্যে গুগল প্রতিষ্ঠানটিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুগল ও সিএমইর মধ্যকার ১০ বছরের এ চুক্তির অংশ হিসেবে শিকাগোভিত্তিক এক্সচেঞ্জ অপারেটর প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে গুগল ক্লাউডে তাদের প্রযুক্তিগত অবকাঠামো স্থানান্তর শুরু করবে।
সিএমইর সঙ্গে নতুন এ চুক্তি গুগলের ক্লাউড ব্যবসার জন্য অন্যতম একটি সফলতা। ফরচুন ৫০০-ভুক্ত কোম্পানিগুলোকে গ্রাহক তালিকায় যুক্ত করতে এটি অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। এ চুক্তি আর্থিক পরিষেবা খাতে গুগলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। কেননা প্রতিষ্ঠানটি এরই মধ্যে ক্লাউড কম্পিউটিং খাতে বড় বিনিয়োগ করতে শুরু করেছে।
যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানায়, গুগলের সঙ্গে চুক্তির মাধ্যমে সিএমই অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কম খরচে ব্যবসা পরিচালনা, শক্তিশালী তথ্যপ্রযুক্তিগত অবকাঠামো ব্যবহারের সুযোগ দেবে।
গত বছর অ্যামাজন, সিঙ্গাপুর এক্সচেঞ্জ এসজিএক্স ও লন্ডনভিত্তিক অ্যাকুইস এক্সচেঞ্জ একটি পাইলট প্রোগ্রাম গ্রহণ করেছিল। সেখানে তারা দেখায় যে ফিজিক্যাল সার্ভার থেকে শেয়ার কার্যক্রম ক্লাউড কম্পিউটিংয়ে নিয়ে গেলে তা খরচ কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমিয়ে দেয়।










