চিপ উৎপাদনে ইন্টেলের কারখানা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে এনভিডিয়া। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং একথা জানান। খবর রয়টার্স।
হুয়াং বলেন, ইন্টেল তাদের ফাউন্ড্রি ব্যবহারে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরাও তাদের উৎপাদন কেন্দ্র ব্যবহারের বিষয়ে আগ্রহী। তবে সরবরাহ চেইনের বিষয়টি সম্পর্কিত থাকায় ফাউন্ড্রি ব্যবহারসংক্রান্ত আলোচনা দীর্ঘ হয় বলেও জানান তিনি।
দীর্ঘ সময় ধরে ইন্টেল নিজস্ব উদ্যোগে ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিপ উৎপাদন করে আসছিল। গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটি ব্যবসার পরিধি বাড়ানোর অংশ হিসেবে অন্যদের অংশগ্রহণের মাধ্যমে চিপ তৈরির উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একাধিক বিলিয়ন ডলার প্রকল্পের ঘোষণা দেয় প্রযুক্তি জায়ান্টটি।
ইন্টেলের কারখানা ব্যবহারের মাধ্যমে চিপ উৎপাদনে বিনিয়োগকারীরা অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দেখে আসছিলেন। গত বছর ইন্টেল জানায়, তাদের ফাউন্ড্রি ব্যবসার জন্য কোয়ালকম ও অ্যামাজন তাদের গ্রাহকে পরিণত হতে পারে। সম্প্রতি সিনেটে এক শুনানি শেষে ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার রয়টার্সকে জানান, ইন্টেলের ফাউন্ড্রি ব্যবহারে এনভিডিয়ার আগ্রহ তাদের রোমাঞ্চিত করেছে। তবে কবে নাগাদ ব্যবহার শুরু হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। এনভিডিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনভিডিয়ার চিপের কাঠামো তৈরি করে।









