অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য শিগগিরই স্ক্রিনটাইম উইজেট চালু করতে যাচ্ছে গুগল। সম্প্রতি ডিজিটাল ওয়েলবিংয়ের সর্বশেষ বেটা ভার্সনে এর সন্ধান পেয়েছে ৯টু৫গুগল। খবর গ্যাজেটস নাউ।
নতুন এ উইজেট ব্যবহারকারীদের ফোন ব্যবহারের সময়ের পাশাপাশি সর্বাধিক ব্যবহূত তিনটি অ্যাপ দেখাবে। প্রকাশিত প্রতিবেদনে আসন্ন উইজেটের কিছু স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। উইজেটের একেবারে ওপরে স্ক্রিন টাইম এবং এরপর সবচেয়ে বেশি ব্যবহূত অ্যাপ দেখানো হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডায়নামিক কালার থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপসের ধরন অনুযায়ী ভাগ করা হয়েছে।
উইজেটটি বিভিন্ন আকারে ব্যবহার করা যাবে। সবচেয়ে বড় আকারের উইজেটে সর্বাধিক ব্যবহূত অ্যাপগুলো উপরের পরিবর্তে নিচে অবস্থান করবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নির্দিষ্ট সময়ে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে স্ক্রিন টাইম উইজেট ফিচারটি পৌঁছে যাবে। শুধু পিক্সেল ইউজারদের জন্য সীমাবদ্ধ থাকবে না। তবে উইজেটটির আনুষ্ঠানিক উন্মোচনের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উইজেটটি একজন ব্যবহারকারী ও তার পরিবারের সদস্য দিনের কতটুকু সময় সেলফোনের স্ক্রিনে ব্যয় করছেন, সে-সংক্রান্ত তথ্য সহজেই পাওয়া যাবে। পাশাপাশি যেসব অ্যাপ, ওয়েবসাইটে বেশি প্রবেশ করা হচ্ছে, কতবার স্মার্টফোন হাতে নেয়া হয়েছে, সেসব তথ্যও জানা যাবে।










