কম্পিউটার ও মোবাইল প্লাটফর্মের জন্য বিভিন্ন টাইটেলের গেম এবং প্লে-স্টেশন ৫ ডিভাইসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সনি গ্রুপ। খবর রয়টার্স।

২০২০ সালের নভেম্বরে বাজারে প্লে-স্টেশন বা পিএস ৫ বিক্রি শুরু হয়। কিন্তু যন্ত্রাংশ সংকটে আগের মডেলগুলোর তুলনায় এর বিক্রি তুলনামূলক কম ছিল। মূলত পুরো ইলেকট্রনিকস পণ্য বাজারেই স্থিতাবস্থা চলে এসেছিল। তবে এটি গত তিন বছরের ব্যবধান ছাড়িয়ে যাবে এবং আগামী বছর পিএস৪-এর ইনস্টল বেজ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিনিয়োগকারীদের সঙ্গে আলাপকালে সনি ইন্টার অ্যাকটিভ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম রায়ান বলেন, প্রাথমিক পর্যায়ের পাশাপাশি আমরা কনসোল উৎপাদনকেও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। যে পর্যায়ে এর আগে আমরা পৌঁছতে পারিনি। চীনে কভিড-১৯-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ও লকডাউন সরবরাহ চেইনে সমস্যা তৈরি করলেও সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। মার্চে শেষ হওয়া অর্থ বছরে সনি ১ কোটি ৮০ লাখ ইউনিট পিএস ৫ বিক্রির পূর্বাভাস দিয়েছিল, যা আগের বছরের ১ কোটি ১৫ লাখ ইউনিটের চেয়ে বেশি।

প্লে-স্টেশনে একক গেমগুলো থেকে মনোযোগ সরানোর জন্য কম্পিউটার ও মোবাইলে লাইভ সার্ভিসে আরো গেম যুক্ত করবে প্রতিষ্ঠানটি। চলতি বছর পিএস৪ ও পিএস৫-এর গেমগুলো দুই-তৃতীয়াংশ জায়গাজুড়ে থাকলেও ২০২৫ সালে কম্পিউটার ও মোবাইলের গেমগুলো অর্ধেকের বেশি পূরণ করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। রায়ান বলেন, দর্শক বা গ্রাহক বাড়ানোর জন্য আমাদের যে উদ্যোগ, এর মাধ্যমে আমাদের গেমের পোর্টফোলিও আরো সমৃদ্ধ হবে।

মেটাভার্স বা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যে গুঞ্জন, সেটি ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনলেও ব্যবহারকারীদের বড় একটি অংশ আগের মতোই গেম খেলবে বলেও জানান রায়ান।