দীর্ঘ ১৪ বছরের কর্মজীবন শেষে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা থেকে অব্যাহতি নিচ্ছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ। সম্প্রতি তার এক ফেসবুক পোস্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের অন্যতম সহযোগী হিসেবে শেরিল বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যমটির উন্নয়নে কাজ করে এসেছেন। তার এ ঘোষণার পরপর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ৪ শতাংশ কমেছে। ফেসবুক পোস্টে তিনি বলেন, ২০০৮ সালে যখন আমি চাকরিতে যোগদান করি তখন আমি এ পদে পাঁচ বছর থাকার কথা ভেবেছিলাম। ১৪ বছর পর এখন আমার জীবনের নতুন অধ্যায় যুক্ত করার সময় এসেছে।

আলাদা ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ জানান, চিফ গ্রোথ অফিসার জাভিয়ের অলিভান চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরো জানান, প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর মাধ্যমে স্যান্ডবার্গের ভূমিকায় নতুন কাউকে প্রতিস্থাপনের কোনো পরিকল্পনা গ্রহণ করেননি।

তিনি বলেন, আমি মনে করি মেটা এমন অবস্থানে পৌঁছেছে, যেখানে আমাদের পণ্য উৎপাদন ও বিজনেস গ্রুপকে আলাদা থাকার পরিবর্তে একত্রে কাজ করতে হবে।

অলিভান মেটার জন্য ১৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের জন্য নির্ধারিত দল পরিচালনা করেছে।

স্যান্ডবার্গের বিদায়ের মাধ্যমে মেটার একটি উল্লেখযোগ্য যুগের সমাপ্তি হচ্ছে। প্লাটফর্মটি এর আগে বছরের পর বছর ব্যবহারকারীদের নিরাপত্তা লঙ্ঘন, ষড়যন্ত্রমূলক কনটেন্ট প্রচার এবং ফেসবুক অ্যাপে ব্যবহারকারী বাড়ানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিল, তার জন্য সমালোচনার মুখে ছিল। বর্তমানে প্লাটফর্মটি হার্ডওয়্যার পণ্য ও মেটাভার্সে মনোনিবেশ করেছে।

জাকারবার্গের সেকেন্ড ইন কমান্ড শেরিল ২৩ বছর বয়সে যোগদান করেছিলেন। স্যান্ডবার্গ মেটার অন্যতম একজন নির্বাহী। ফেসবুকের সবচেয়ে বেশি সমালোচিত বিজ্ঞাপনভিত্তিক ব্যবসা মডেলের অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। সে সময় ডিজিটাল বিজ্ঞাপন শিল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে তিনি ফেসবুককে আয়ের অন্যতম ক্ষেত্রে রূপান্তর করেছিলেন। পাশাপাশি করপোরেট আমেরিকায় কর্মজীবী নারী হিসেবে আলাদা রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন।

মেটা ১১ হাজার ৮০০ কোটি ডলার রাজস্ব এবং ৩ হাজার ৯৪০ কোটি ডলার আয় নিয়ে ২০২১ সাল শেষ করেছিল। ফেসবুক পোস্টে স্যান্ডবার্গ জানান, তিনি সামনের শীতে প্রতিষ্ঠান ত্যাগের পর মেটার বোর্ড সদস্য হিসেবে কাজ করবেন। পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি নারীদের যে সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণে জনহিতকর কাজ করার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বেশকিছু দলনেতা নির্বাচন করতে পেরেছি। সেজন্য আমি খুবই আনন্দিত। পরবর্তী সময়ে যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে, তারা প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে। এ সময় তিনি চিফ বিজনেস অফিসার মার্নে লেভিন ও গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট নিক ক্লেগের নাম উল্লেখ করেন।