ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য মেটাভার্স একাডেমি চালু করবে মেটা। ফ্রান্সের একটি ডিজিটাল প্রশিক্ষণ সংস্থা এটি স্থাপনে সহায়তা করবে। সম্প্রতি দুটি প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইটিটেলিকম।
ইন্টারনেট জগতের অন্যতম প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে মেটাভার্স একটি ডিজিটাল বিশ্বের পরিচায়ক। যেখানে অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তব জীবনের মতো পরিবেশ ও আবহ তৈরি করা হবে এবং ওয়েবকে ২ডি থেকে ৩ডি-তে রূপান্তর করা হবে। সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মেটার দক্ষিণ ইউরোপ-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন্ট সলি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান একাডেমির সঙ্গে কাজ করবে, প্রথম বছরে তারা ইমারসিভ টেকনোলজি ডেভেলপার বিশেষজ্ঞ ও সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টেকনিশিয়ান ক্যাটাগরিতে ১০০ শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে।
মেটার সঙ্গে কাজ করা ফ্রান্সের প্রতিষ্ঠান সিম্পলনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কর্মকর্তা ফ্রেডরিক বার্ডু বলেন, শিক্ষার্থীদের সরাসরি প্রশিক্ষণ দেয়া হবে। ভার্চুয়াল ও থ্রিডি দুনিয়ার বিষয়ে যেসব প্রকল্প রয়েছে, সেগুলোকে প্রাধান্য দেয়া হবে। সলি বলেন, প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য ছিল ৩০ শতাংশ নারীকে প্রশিক্ষণের আওতায় আনা। তবে বার্ডু জানান, তিনি আবেদনকারীদের সিভি দেখবেন না এবং এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই।
অন্যদিকে গত অক্টোবরে দেয়া এক বিবৃতিতে মেটা জানিয়েছিল, প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে মেটাভার্স তৈরির সময় ইউরোপে ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।










