মেসেজিংয়ের উন্নয়নে নতুন ফিচার যুক্তের অংশ হিসেবে এবার এডিটিং ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর আগে মেসেজে রিঅ্যাকশন দেয়ার ফিচার ওয়েব অ্যাপে যুক্ত করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। খবর টেকটাইমস।
মেসেজে রিঅ্যাকশন দেয়ার ফিচারটি চালু করা হলেও এডিটিংয়ের বিষয়টি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফিচারটি চালু হলে মেসেজ ডিলিট করার পরিবর্তে ব্যবহারকারীরা এডিট করতে পারবেন। এর আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পাঠানো মেসেজ ডিলিট করার অপশন চালু করেছে। কিন্তু সেগুলো এডিট করা যেত না। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, ফিচারটি খুবই প্রয়োজনীয়। কেননা এর মাধ্যমে মেসেজে কোনো শব্দের বানান ভুল হলে নতুন মেসেজে তা সংশোধনের পরিবর্তে পাঠানো মেসেজেই পরিবর্তন করা যাবে।
ওয়াবেটাইনফোর মাধ্যমে নাইনটুফাইভ ম্যাক নতুন ফিচারটির বিষয়ে জানতে পেরেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো মেসেজ এডিট করতে পারবেন। সূত্রের তথ্যানুযায়ী, প্লাটফর্মটি এডিট হিস্ট্রি ও পুরনো মেসেজ দেখার অপশন বন্ধ করে দিতে পারে। তবে কী ধরনের পরিবর্তন আসবে তা নতুন ফিচারটি কার্যকর হওয়ার আগে বলা যাচ্ছে না। মেসেজ এডিটিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ
কোনো নির্দিষ্ট সময়
দেবে না। এর পরিবর্তে ৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা দেয়া হতে পারে। স্ক্রিনশটের তথ্যানুযায়ী, মেসেজ এডিটিংয়ের ফিচারটি ডেস্কটপ ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। চালুর পর যেকোনো মেসেজের ওপর লং প্রেসের মাধ্যমে এডিট অপশনটি চালু করতে হবে। ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের পর ব্যবহারকারীরা এডিট করে যেকোনো ফাইল যুক্ত করতে বা কোনো বাক্য সংশোধন করতে পারবে।










