২০২১ সালের সেপ্টেম্বরে ব্যবহারকারীদের জন্য অগমেন্টেড রিয়েলিটি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার কথা জানিয়েছিল গুগল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, কোডনেম প্রজেক্ট আইরিশ নামে নতুন হেডসেট তৈরিতে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। খবর ৯টু৫গুগল।

নতুন ডিভাইসটির বাহ্যিক অংশে ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরা দেয়া হয়েছে। পাশাপাশি অধিক কার্যক্ষমতা ও মিশ্র বাস্তবিক অভিজ্ঞতা তৈরিতে কম্পিউটার গ্রাফিকসও যুক্ত করা হয়েছে। নাম না প্রকাশ করার শর্তে প্রকল্পটির সঙ্গে সম্পৃক্ত কয়েকটি সূত্রে এ তথ্য জানা গেছে। তারা জানান, সানফ্রান্সিসকোর সমুদ্র-তীরবর্তী অঞ্চলের একটি গবেষণা কেন্দ্রে হেডসেটটির প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। যেটি দেখতে অনেকটা স্কি গুগলের মতো।

হেডসেটটি চালু বা ব্যবহার করতে বাইরে থেকে কোনো প্রকার ওয়্যারড কানেকশন বা শক্তির উেসর প্রয়োজন হয় না। পাশাপাশি এতে পিক্সেল ৬ সিরিজের মতো গুগলের নিজস্ব প্রসেসর ব্যবহার করা হয়েছে। পূর্বানুমান অনুযায়ী ডিভাইসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। অন্যদিকে সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী গুগল উদ্ভাবনী অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসের অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, ফুচিয়ার পর প্রযুক্তি জায়ান্টটি আরো একটি অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে।

সূত্রের তথ্যানুযায়ী, প্রজেক্ট আইরিশের সঙ্গে পিক্সেল টিমও যুক্ত। তবে নতুন অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসটি পিক্সেল ব্র্যান্ডে বাজারজাত করা হবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা ডিভাইসটিকে গুগল গ্লাস নাম দেয়া হবে না।