ফোল্ডেবল ফোন যে কোনো ফ্লপ আইটেম হচ্ছে না, স্যামসাং তা প্রমাণ করে দিয়েছে। বিদায়ী বছরে তাদের ফোল্ডেবল ফোন বিক্রি চার গুণ বেড়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি জানায়, গ্যালাক্সি জি ফোল্ড ৩ ও জি ফ্লিপ ৩-এর নেতৃত্বে ২০২১ সালে ফোল্ডেবল ফোন বিক্রি ২০২০ সালের তুলনায় চার গুণ বেড়েছে। তারা আরো জানায়, এ দুটি ফোন উন্মোচনের পর প্রথম মাসে যে পরিমাণ বিক্রি হয়েছে, তা ২০২০ সালের পুরো বছরের ফোল্ডেবল ফোন বিক্রির চেয়ে বেশি। খবর দ্য ভার্জ।

স্যামসাং বলছে, ১৫০ শতাংশের মতো গ্রাহক স্মার্টফোন ব্র্যান্ড পরিবর্তন করে গ্যালাক্সি জি ফ্লিপ ৩ কিনেছে। মূলত ফোনটির বড় ডিসপ্লে, ভাঁজ না খুলে বিভিন্ন ফিচার ব্যবহার করা এবং এর আকর্ষণীয় ক্ল্যাম্পশেল ডিজাইনের কারণে তাতে মজেছেন ক্রেতারা। 

ফোল্ডেবল ফোন যে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হিসেবে দাঁড়াচ্ছে, স্যামসাংয়ের জয়জয়কার পরিস্থিতিতে তা স্পষ্ট হয়ে উঠেছে। স্যামসাংয়ের পথ অনুসরণ করে ফোল্ডেবল ফোন সেগমেন্টে প্রবেশ করছে শাওমি ও অপোর মতো কোম্পানি। অবশ্য এ সেগমেন্টে আগে থেকেই রয়েছে চীনভিত্তিক আরেক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। গবেষকদের পূর্বাভাস ২০২৩ সালের মধ্যে ফোল্ডেবল ফোন বিক্রি ১০ গুণ বাড়বে। বলা হচ্ছে, ২০২৩ সালে ফোল্ডেবল ফোন নিয়ে আসতে পারে অ্যাপল।