এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য নতুন একটি সাইবার নিরাপত্তা কেন্দ্র চালু করবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)। অঞ্চলটিতে উদ্বেগজনক হারে বাড়তে থাকা সাইবার হামলা প্রতিরোধে কাজ করবে কেন্দ্রটি। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দেয় আইবিএম। খবর গ্যাজেটসনাউ।

আইবিএম জানায়, ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সাইবার নিরাপত্তা কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হবে। এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলা প্রতিরোধে প্রশিক্ষণসহ অন্যান্য সেবা দেবে।

আইবিএম বলছে, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির এ ধরনের একটি কেন্দ্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। সে হিসাবে এটি হতে যাচ্ছে দ্বিতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র। এটি নির্মাণে এরই মধ্যে কয়েক লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত না জানালেও আইবিএম ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ প্যাটেল বলেন, চলতি বছর এটিই হতে যাচ্ছে কোনো প্রকল্পে আইবিএমের সবচেয়ে বড় বিনিয়োগ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইবিএমের সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় এটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে।

সাইবার নিরাপত্তা কেন্দ্রটির মূল আকর্ষণ এটির সিকিউরিটি কমান্ড সেন্টার। এটি উচ্চমাত্রায় রিয়েলিস্টিক ফিচারে তৈরি করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কেন্দ্রটিতে প্রশিক্ষণ সেশনগুলোও হতে যাচ্ছে চমকপ্রদ। ভিন্ন ভিন্ন শিল্প খাতের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এটির প্রশিক্ষণ মডেল তৈরি করা হয়েছে।

এক বিবৃতিতে আইবিএম জানায়, কেন্দ্রটিতে আইবিএম পরিচালিত সুরক্ষা পরিষেবা, আইবিএম কনসাল্টিং, আইবিএম রিসার্চ, আইবিএম ইন্ডিয়া সফটওয়্যার ল্যাব ও আইবিএম গ্যারেজ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

আইবিএমের বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ে সাইবার হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এশিয়া। গত বছর বিশ্বজুড়ে সংগঠিত হামলাগুলোর ২৬ শতাংশই ঘটেছে এ অঞ্চলে। তাই অঞ্চলটিতে এমন একটি নিরাপত্তা কেন্দ্র নির্মাণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।