ডিটাচেবল কি-বোর্ড, ওএলইডি টাচস্ক্রিনসহ বিভিন্ন সুবিধা নিয়ে বাজারে নতুন হাইব্রিড ল্যাপটপ এনেছে তাইওয়ানের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। আসুস ভিভোবুক ১৩ স্লেট টু ইন ওয়ান নামে এটি উন্মোচন করা হয়েছে। ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসরের পাশাপাশি এতে আসুস পেন স্টাইলাস ২.০ ফিচারও রয়েছে।

আসুস ভিভোবুক ১৩ স্লেটে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ হোম দেয়া হয়েছে। এতে ১৩ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১৯২০X১০৮০ পিক্সেলের প্যানটোন ভ্যালিডেটেড টাচস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। ডিসপ্লেতে ডলবি ভিশন প্রযুক্তিও রয়েছে। এর আসপেক্ট রেশিও ১৬:৯, সর্বোচ্চ উজ্জ্বলতা ৫৫০ নিটস পিক। ডিসপ্লেতে শতভাগ ডিসিআই-পিথ্রি কালার গ্যামট কভারেজ, দশমিক ২ মিলিসেকেন্ড রেসপন্ড টাইম এবং টিইভি রেইনল্যান্ডের আই সার্টিফিকেশন রয়েছে।

হাইব্রিড ল্যাপটপটিতে ইন্টেলের পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর, ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স ও  ৮ জিবি র‍্যাম দেয়া হয়েছে। ভিভোবুক ১৩ স্লেটে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজও রয়েছে। নতুন ল্যাপটপটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। হাইব্রিড ডিভাইস হওয়ায় ব্যবহারকারীরা কি-বোর্ড খুলে এটিকে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসুস ভিভোবুক ১৩ স্লেট টু ইন ওয়ান ল্যাপটপে ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং ৬৫ ওয়াটের এসি অ্যাডাপ্টার দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি মাত্র ৩৯ মিনিটে ব্যাটারির ৬০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়াও নিরাপত্তার জন্য পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ল্যাপটপটিতে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও পোর্ট ও একটি মাইক্রোএসডি কার্ড রিডার পোর্টও রয়েছে। ল্যাপটপটিতে কোয়াড স্পিকার অডিও সিস্টেমের পাশাপাশি ডলবি অ্যাটমস সাপোর্ট এবং স্মার্ট অ্যামপ্লিফায়ার প্রযুক্তিও রয়েছে।

আসুস ভিভোবুক ১৩ স্লেট ব্যাসিক এডিশনের বাজার মূল্য ৫৯৯ ডলার। ল্যাপটপের সঙ্গে কি-বোর্ড কভার, কিকস্ট্যান্ড ও একটি নতুন আসুস পেন ২.০ স্টাইলাস দেয়া হবে। তিনটি এডিশনে গ্রাহকরা ল্যাপটপটি ক্রয় করতে পারবেন।

 

—গ্যাজেটস থ্রিসিক্সটি