দেশব্যাপী আরো চার হাজার নতুন ফোরজি সাইট স্থাপন করেছে বাংলালিংক। নতুন সাইটগুলো স্থাপন করা হয়েছে ২০২২ সালে। এর মধ্য দিয়ে বাংলালিংকের মোট সাইটের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫০০-তে পৌঁছেছে। ফলে আরো বেশিসংখ্যক গ্রাহক বাংলালিংকের মাধ্যমে ফোরজি ও উন্নত ডিজিটাল সেবা উপভোগ করতে পারছেন।
বিশেষ এ অর্জন উদযাপন উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজন করে বাংলালিংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলালিংকের সিইও এরিক অস ও অন্যান্য কর্মকর্তা।
নতুন ফোরজি সাইট স্থাপন প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক যেভাবে দেশের সব প্রান্তের মানুষকে সেবা দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, তা দেখে আমি আনন্দিত।’ বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘দ্রুতগতিতে বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণ দেশব্যাপী বিস্তৃত অপারেটরে পরিণত হওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করছি।










