চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে পিসি বিক্রি আগের প্রান্তিকের চেয়ে ১ শতাংশ কমে ১ কোটি ১৭ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। বিশ্বের শীর্ষ এ বাজারে সর্বোচ্চ ৪৩ লাখ ইউনিটপিসি বিক্রি করেছে স্থানীয় কোম্পানি লেনোভো। প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে ডেস্কটপ পিসি বিক্রি ১১ শতাংশ কমে ৩৯ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। তবে মোবাইল স্টেশনসহ নোটবুক ল্যাপটপ বিক্রি ৬ শতাংশ বেড়ে ৭৭ লাখে দাঁড়িয়েছে। ট্যাবলেট পিসি বিক্রি ১৩ শতাংশ কমে ৪৭ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। সরবরাহ চেইন সংকট, ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা হ্রাসের কারণে এ নিয়ে চার প্রান্তিকে দেশটিতে ট্যাব বিক্রি কমেছে।

প্রথম প্রান্তিকে বাজার হিস্যার দিক থেকে চীনের বাজারে শীর্ষস্থান ছিল লেনোভোর। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৪২ লাখ ৮৯ হাজার ইউনিট পিসি বিক্রি করেছে চীনা কোম্পানিটি। লেনোভোর বাজার হিস্যা ছিল ৩৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন কোম্পানি ডেলের বাজার হিস্যা ছিল ১২ শতাংশ। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে এইচপি ও আসুস। ৭ লাখ ১০ হাজার ইউনিট পিসি বিক্রির মাধ্যমে পঞ্চম স্থানে রয়েছে হুয়াওয়ে। গত বছরের ৪ লাখ ২৮ হাজার ইউনিটের তুলনায় হুয়াওয়ের পিসি বিক্রি বেড়েছে ৬৬ শতাংশ।

প্রথম প্রান্তিকে চীনে ১২ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি করেছে অ্যাপল। দেশটির ট্যাবলেট পিসি বাজারে ২৬ শতাংশ হিস্যা মার্কিন প্রযুক্তি জায়ান্টটির। ২০ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় স্থান স্থানীয় কোম্পানি হুয়াওয়ের। শীর্ষ পাঁচে থাকা অন্য তিন কোম্পানি হচ্ছে শাওমি (১৩%), অনর (৯%) ও লেনোভো (৭%)।