আগামী বুধবার ওয়েব ব্রাউজিং প্ল্যাটফর্ম ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ১৯৯৫ সালে যাত্রা শুরু করে আইকনিক এই ব্রাউজারটি। চলতি সপ্তাহে শেষ হচ্ছে এর ২৭ বছরের পথযাত্রা। খবর বিজনেস ওয়ার্ল্ড।
মাইক্রোসফট তাদের ব্লগে পোস্টে জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যত ‘মাইক্রোসফট এজ’। প্রতিষ্ঠানটি জানায়, তাদের এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরারের তুলনায় দ্রুতগতির, আরো নিরাপদ এবং
আরো আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দেয়।
১৯৯৫ সালে উইন্ডোজ ৯৫ অপারেটিং
সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে যাত্রা শুরু করেছিল ইন্টারনেট এক্সপ্লোরার।
প্রথমে অ্যাড অন প্যাকেজ হিসাবে বাজারে এলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয়
মাইক্রোসফট।
২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায়
ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহূত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫
শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার। যদিও প্রতিযোগিতার বাজারে একের পর এক নতুন
ব্রাউজার আসায় ধীরে ধীরে আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে।
২০১৬ সালেই ব্রাউজারটির ফিচার
ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। তখন মাইক্রোসফট ‘এজ’ নামের নতুন
একটি ব্রাউজার বাজারে আনে। এরপর থেকে নতুন ব্রাউজারের ওপরে মনোনিবেশ শুরু করে
মার্কিন প্রতিষ্ঠানটি। মূলত ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত তখনই
নিয়েছিল প্রতিষ্ঠানটি।
এরপর ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে বন্ধ
হতে থাকে এক্সপ্লোরারের সার্ভিস। ২০২০ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট টিম থেকে
বন্ধ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট। ২০২১ সালের আগস্ট মাসে মাইক্রোসফট ৩৬৫
থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করা হয়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী ১৫ জুন থেকে সার্ভিসটি সব রকমের ফিচার পুরোপুরি বন্ধ করে দেবে।
মাইক্রোসফট এজ’র প্রোগ্রাম
ম্যানেজার শন লিন্ডারসে জানান, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ মাইক্রোসফট এজের উপর নির্ভর করছে।
শন লিন্ডারসে আরো জানান, মাইক্রোসফট এজের মধ্যেই রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের মুড। ফলে সব লিগ্যাসি ওয়েবসাইট সরাসরি ব্রাউজ করা যাবে।










