কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এনভিডিয়া ও মাইক্রোসফট ১০ বছরের জন্য গেমিং অংশীদারত্ব চুক্তি করেছে। সবচেয়ে বড় গেমিং কোম্পানি না হলেও বর্তমানে বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে মাইক্রোসফট। বেশ কয়েকটি গেমিং স্টুডিও কেনার পাশাপাশি ক্রমাগত পরিষেবাগুলো বাড়াচ্ছে টেক জায়ান্টটি। এরই অংশ হিসেবে সম্প্রতি এ চুক্তি সম্পন্ন হয়েছে। খবর গিজ চায়না।

মাইক্রোসফটের এক্সবক্স গেমগুলোকে এনভিডিয়ার জিফোর্স স্ট্রিমিং পরিষেবায় যুক্ত করার লক্ষ্যে এ চুক্তি হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ব্রাসেলসে এক প্রেস কনফারেন্সে কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ চুক্তির বিষয়টি প্রকাশ করেন। 

ব্র্যাড স্মিথের মতে, যদি চুক্তিটি সফল হয়, তবে ‘কল অব ডিউটি’র মতো গেমগুলো এখন থেকে জিফোর্স প্লাটফর্মে পাওয়া যাবে। এদিকে কল অব ডিউটি গেমটির জন্য জাপানিজ ভিডিও গেমিং প্লাটফর্ম নিনটেন্ডোর সঙ্গে ১০ বছরের একটি চুক্তি সই হয়েছে। 

যা হোক, ব্যবহারকারীদের এখন জিফোর্সে গেম খেলার জন্য এক্সবক্স পিসি, স্টিম বা এপিক গেমস থেকে গেমগুলো কিনতে হবে। এ কারণে ২ কোটি ৫০ লাখের অধিক ব্যবহারকারী থাকা এ পরিষেবার মাধ্যমে এক্সবক্স গেমগুলো কখন স্ট্রিম করা যাবে, তা স্পষ্ট নয়। এনভিডিয়া বলছে, বর্তমানে এক্সবক্স পিসি গেমগুলোকে জিফোর্স নাউ প্লাটফর্মে যুক্ত করার জন্য কাজ করছে মাইক্রোসফট।