কিশোর-কিশোরী, পরিবার ও বৃহত্তর সম্প্রদায়ের জন্য বড় পরিসরে নতুন ফিচার ঘোষণা করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংসের পাশাপাশি স্ক্রিন টাইম টুলে আরো কাস্টম অপশন যুক্ত করছে প্লাটফর্মটি। এছাড়া ফ্যামিলি পেয়ারিং ফিচারেও অভিভাবকের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।

আগামী সপ্তাহ থেকে আঠারো বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও সম্প্রতি পরিচালিত একাডেমিক রিসার্চ বিবেচনার মাধ্যমে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে।

পরিবারের ক্ষমতায়ন এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে টিকটক ফ্যামিলি পেয়ারিংয়ে তিনটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে।

দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ: পিতামাতা ও অভিভাবক কিশোর-কিশোরীদের জন্য দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিদিনের জন্য, একটি ভিন্ন সময়সীমা নির্ধারণ করা যায়। পরিবারগুলো স্কুলের সময়, পারিবারিক ভ্রমণ এবং ছুটির দিনগুলো অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবেন।

স্ক্রিন টাইম ড্যাশবোর্ড: ড্যাশবোর্ডটি টিকটক অ্যাপে মোট কাটানো সময় এবং অ্যাপটি কতবার খোলা হয়েছে তা সংক্ষিপ্ত আকারে দেখাবে। এক্ষেত্রে বাবা-মায়েরা কিশোর-কিশোরীদের দিন এবং রাতে ব্যয় করা মোট সময়ের পরিমাণও জানতে পারবেন।

নোটিফিকেশন বন্ধ রাখা: এ অপশনের সাহায্যে, অভিভাবক একটি নির্দিষ্ট সময় ঠিক করে কিশোর-কিশোরীদের জন্য নোটিফিকেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।৷ নতুন আপডেটের অধীনে ১৩-১৫ বছর বয়সী ব্যবহারকারীদের রাত ৯টার পর থেকে আর নোটিফিকেশন পাঠানো হবে না। একইভাবে ১৬-১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোর জন্য পুশ নোটিফিকেশনগুলো রাত ১টা থেকে অকার্যকর করে রাখা হবে।

ব্যবহারকারীদের রাতে অফলাইনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে টিকটক একটি স্লিপ রিমাইন্ডারও চালু করছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের অ্যাপ থেকে লগ অব করার জন্য মনে করিয়ে দিতে একটি নির্ধারিত সময়ে পপ-আপ নোটিফিকেশন দেখানো হবে।