দেড়শটিরও বেশি দেশে ব্যবহারকারীদের জন্য ক্ষুদ্র ভিডিও ফিচার রিলস চালু করল ফেসবুক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটির কনটেন্ট ফরম্যাট সম্প্রসারণ করতে প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

সম্প্রতি আয় বিবরণী প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক। এতে বলা হয়, সোস্যাল জায়ান্টটি এক-তৃতীয়াংশ বাজারমূল্য হারিয়েছে। রিলসকে একটি প্রধান ফিচার হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

২০২০ সালে ইনস্টাগ্রামে রিলস নামে ক্ষুদ্র ভিডিও ফিচার চালু করে মেটা। পরবর্তী সময়ে গত বছর ফিচারটি ফেসবুক ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়। চীনা টেকজায়ান্ট বাইট ড্যান্সের ক্ষুদ্র ভিডিও-সংবলিত জনপ্রিয় অ্যাপ টিকটকের বিপরীতে রিলস ফিচার ছিল ফেসবুকের প্রত্যুত্তর।

সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে বলেন, ফেসবুকের দ্রুত বর্ধনশীল কনটেন্ট ফিচার রিলস। বর্তমানে বৈশ্বিকভাবে সব ফেসবুক ব্যবহারকারীর জন্য আমরা এটা চালু করেছি। বর্তমানে ব্যবহারকারীরা ফেসবুকে অর্ধেক সময় ভিডিও দেখে ব্যয় করেন। এছাড়া ক্রিয়েটাররা কীভাবে নতুন নতুন উপায়ে রিলস ফিচার থেকে লাভবান হতে পারেন, সে ঘোষণাও দেয় মেটা।

প্রতিষ্ঠানটি জানায়, অন্যান্য দেশে ক্রিয়েটারদের বোনাস নিশ্চিত করতে প্রোগ্রামটি বিস্তৃত করার লক্ষ্য ফেসবুকের। পাশাপাশি ওভারলে বিজ্ঞাপন (ভিডিও স্ক্রিনের নিচের ২০ শতাংশে বিজ্ঞাপনী ব্যানার) পরীক্ষা করছে ফেসবুক। প্রাপ্ত তথ্যানুযায়ী, শিগগিরই রিলসের মাঝে ফুল স্ক্রিন বিজ্ঞাপন চালু করা হবে।

এদিকে অপারেটিং সিস্টেমের প্রাইভেসি পরিবর্তন করেছে মার্কিন টেকজায়ান্ট অ্যাপল। ফলে বিভিন্ন ব্র্যান্ডের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেয়া কঠিন হয়ে পড়ে। এতে নেতিবাচক প্রভাব পড়ে মেটার আয়ে। এছাড়া এর জন্য সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতাকেও দায়ী করে মেটা।

আগামী প্রান্তিকে ১৮ বছর বয়সী সোস্যাল জায়ান্টটি খুব একটা লাভবান হবে না বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগের জগতে তুমুল প্রতিযোগিতার ফলে জনপ্রিয়তা কিছুটা হারাতে পারে ফেসবুক। এদিকে রিলস ফিচারের প্রতি ঝোঁক বেড়েছে ব্যবহারকারীদের। এর থেকে কম আয় করে ফেসবুক।

সম্প্রতি আরো কিছু আপডেটের ঘোষণা দিয়েছে মেটা। ফেসবুক স্টোরিজেও রিলস ফিচার যোগ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওয়াচ ট্যাব ও নিউজ ফিডের ওপরে ফেসবুক রিলস ফিচারটি দেখা যাবে। কোনো দেশে নিউজ ফিডে সাজেস্টেড রিলসও দেখতে পাবেন ব্যবহারকারীরা।