বড় ডিসপ্লে ও ব্লুটুথ কলিং ফিচার নিয়ে বাজারে এসেছে ফায়ারবোল্ট গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচ। সম্প্রতি ভারতের বাজারে ডিভাইসটির বিক্রি শুরু করেছে। গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচটির অবয়ব কিছুটা অ্যাপল ওয়াচের মতোই। খবর গিজমোজচায়না।
স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৯৬ ইঞ্চির এইচডি চারকোনা বিশিষ্ট কার্ভড ডিসপ্লে, যা আল্ট্রা ন্যারো ফ্রেমের ডিজাইনের সঙ্গে ৬০০ নিট ব্রাইটনেস সুবিধাযুক্ত। স্মার্টওয়াচটি ফাংশনগুলো নিয়ন্ত্রণের জন্য একটি ক্রাউন আকৃতির ডায়াল বাটন রয়েছে। এছাড়া মডেলটিতে ১২৩টি স্পোর্টস মোড, মাল্টিপল ওয়াচ ফেস এবং আটটি ফিচার মেনু বাছাইয়ের সুযোগও রয়েছে।
নতুন এ ডিভাইসের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে একটি হলো ব্লুটুথ কলিং সাপোর্ট। ডিভাইসটিতে একটি বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার যুক্ত করা আছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৭ পানি প্রতিরোধী ব্যবস্থা, এক চার্জে সাতদিনের ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং প্রযুক্তি। মাত্র ১০ মিনিটের চার্জে স্মার্টওয়াচটি প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে
গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচে হার্ট-রেট ম্যাপিং, রক্তের অক্সিজেন মনিটরিং ও নারীদের পিরিয়ড ট্র্যাকিংসহ বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত ফিচার পাওয়া যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে গেমস, ক্যালকুলেটর, আবহাওয়া আপডেট, হাইড্রেশন রিমাইন্ডার। ফায়ারবোল্ট গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচটি আপাতত ভারতীয় বাজারে বিক্রি হচ্ছে। ব্ল্যাক, ব্লু, গোল্ড ব্ল্যাক ও লাইট গোল্ড চারটি ভিন্ন রঙে ডিভাইসটি পাওয়া যাবে। এটি অ্যামাজন ইন্ডিয়া থেকেও কেনার সুযোগ পাচ্ছে ক্রেতা। এর দাম ২ হাজার ৪৯৯ রুপি।










