বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণে চারটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পে একটি প্রযুক্তির উন্নয়নে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। খবর রয়টার্স।
বাইডেন প্রশাসন জানায়, শতাব্দীর মাঝামাঝি কার্বন নিঃসরণ হার শূন্যে নামিয়ে আনার জন্য এটি জরুরি। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২০২১ সালে দ্বিপক্ষীয় অবকাঠামো আইনের অধীনে পরিচালিত একটি প্রকল্পে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। যেখানে চারটি অঞ্চলে সরাসরি বাতাস ধারণ করার হাব এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কার্বন অপসারণের পাশাপাশি স্টোরেজ অবকাঠামো তৈরি করা হবে।
গত মাসে জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে কার্বন ডাই-অক্সাইড অপসারণ প্রযুক্তির প্রয়োজন। যেখানে জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক লক্ষ্য পূরণে কার্বন শোষণ করে এমন গাছ লাগানো থেকে শুরু করে বাতাস থেকে সরাসরি কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়ার প্রযুক্তি থাকবে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদমন্ত্রী জেনিফার গ্র্যানহোম বলেন, জাতিসংঘের সর্বশেষ জলবায়ু প্রতিবেদনে এটি পরিষ্কার, বাতাস থেকে কার্বন অপসারণ ও এর সংরক্ষণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের অন্যতম লড়াই। কয়েক মাসে কার্বন অপসারণ প্রযুক্তি বেশকিছু বিনিয়োগ ও বড় ধরনের আকর্ষণ তৈরি করতে পেরেছে। উত্তর আমেরিকা ও ইউরোপে সরাসরি বাতাস ধারণের মাধ্যমে কার্বন অপসারণে প্রক্রিয়াধীন তিনটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে বাতাস থেকে কার্বন অপসারণের হার খুবই কম।










