ইন্টারনেটে ওয়েব ব্রাউজিংয়ে বিশ্বের ৬৫ শতাংশ মানুষ গুগল ক্রোম ব্যবহার করে। এ অভিজ্ঞতা উন্নয়নে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে মালিকানা প্রতিষ্ঠান গুগল। এর অংশ হিসেবে এবার ব্যাটারি ও মেমোরি ব্যবহার কমাতে নতুন ফিচার এনেছে সফটওয়্যার জায়ান্টটি। খবর টেকটাইমস।
নতুন এ ফিচারের কারণে এখন ব্রাউজারে একাধিক ট্যাব চালু রাখলেও কোনো সমস্যা হবে না বলে দাবি প্রতিষ্ঠানটির। গুগলের এক ব্লগপোস্টের তথ্যানুযায়ী, নতুন ফিচার বা টুলগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে এবং কোনো সমস্যা ছাড়াই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারবে। গুগলের বরাত দিয়ে সিএনবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামনের সপ্তাহগুলোয় ক্রোম ১০৮ আপডেটের সঙ্গে সব প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য ফিচারগুলো চালু করা হবে।
ফিচার দুটির প্রথমটি হচ্ছে ব্যাটারি সেভার। ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য এটি আনা হচ্ছে। ল্যাপটপের ব্যাটারি ২০ শতাংশের নিচে চলে গেলে ক্রোম ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে এনার্জি সেভার মোডে চলে যাবে। ফলে আরো কিছু সময় ল্যাপটপ ব্যবহার করা যাবে। এটি চালু অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ক্রোমের কার্যক্রম নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি ভিডিও ও অ্যানিমেশনের ভিজ্যুয়াল ইফেক্ট কমিয়ে বিদ্যুৎও বাঁচাবে ক্রোম।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্রাউজার হালনাগাদ করার পর ব্যবহারকারীরা স্ক্রিনের ডানে পাতা আকারের আইকন দেখতে পারবে। সেটিতে ক্লিক করলেই এনার্জি সেভার মোড চালু হবে।
দ্বিতীয় ফিচারটি হলো মেমোরি সেভার মোড। যারা একই সঙ্গে একাধিক ট্যাবে কাজ করে তাদের জন্য ফিচারটি সহায়ক হবে। মোডটি চালু থাকলে ব্যবহারকারী যেসব ট্যাবে কাজ করছে ক্রোম সেগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে। ফলে অব্যবহূত ট্যাবগুলোর পেছনে মেমোরি ব্যবহার অনেকাংশেই কমে যাবে।










