স্মার্ট টিভি সেগমেন্টে অ্যামাজন ও রকুর আধিপত্য থাকলেও সেখানে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড টিভি। সম্প্রতি ১১ কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারীর রেকর্ড গড়েছে তারা। খবর গিজমোচায়না।

গুগলের এক মুখপাত্রের বরাতে ৯টু৫গুগল জানায়, সম্মিলিতভাবে অ্যান্ড্রয়েড-চালিত গুগল টিভির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি। ২০২১ সালের মে মাস থেকেই অ্যান্ড্রয়েড টিভির জনপ্রিয়তা ও গ্রাহকভিত্তি বেড়েছে। তখন সার্চ ইঞ্জিন জায়ান্টটির স্মার্ট টিভি সেগমেন্টের সক্রিয় মাসিক গ্রাহকের সংখ্যা আট কোটি ছুঁয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে মে মাসের পর তিন কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী পেয়েছে তারা।  

গত মাসে অ্যান্ড্রয়েড টিভি ১২ অপারেটিং সিস্টেম চালু করেছে গুগল। সদ্য শেষ হওয়া সিইএস সম্মেলনে উপস্থাপিত টিসিএল, সনি ও হাইসেন্স ব্র্যান্ডের টিভিতে থাকবে এ অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে অ্যামাজন ও রকুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে গুগল টিভি।