বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে একত্রে কাজ করবে নলেজ শেয়ারিং প্লাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ) ও টিকটক। পাশাপাশি এসব ব্যবহারকারীকে নিয়ে একটি কমিউনিটিও গড়ে তোলা হবে। এ কার্যক্রমের অন্যতম গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।
সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা প্রথমবার ইন্টারনেট ব্যবহার করবেন, তাদের নিরাপদ অভিজ্ঞতা প্রদানে এবং টিকটকের বিভিন্ন সেফটি ফিচার সম্পর্কে জানাতে ইয়ুথ পলিসি ফোরামের সঙ্গে কাজ করবে শর্ট ভিডিও শেয়ারিংয়ের প্লাটফর্মটি।
টিকটক নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ মোকাবেলায় এবং সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে ওয়াইপিএফের সঙ্গে একাধিক সংলাপ, ক্যাম্পেইন ও কর্মশালা পরিচালনা করবে টিকটক।
টিকটক-ওয়াইপিএফ অংশীদারিত্ব একটি নিরাপদ ভার্চুয়াল পরিবেশ ও উন্নত ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে বলে জানান প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। কর্মশালা ও ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীদের কনটেন্ট তৈরি এবং ডিজিটাল শিক্ষার উন্নয়ন করা হবে বলেও জানানো হয়। এটি তরুণদের শক্তিশালী করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিকে সঠিক কাজে ব্যবহারে উদ্বুদ্ধ করবে।










