ভালভের হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেকের সব ধরনের যন্ত্রাংশ বিক্রির কথা জানিয়েছে আইফিক্সিট। ফলে ডিভাইসে কোনো সমস্যা হলে বা কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটি সহজেই পাওয়া যাবে। খবর এনগ্যাজেট।

সম্প্রতি আইফিক্সিট বেশকিছু যন্ত্রাংশের তালিকা প্রকাশ করেছে, যেগুলো স্টিম ডেকের জন্য প্রযোজ্য। তালিকাটি প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যবহূত এএমডির এরিথ চিপসেটসহ সব যন্ত্রাংশ পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ্যে এসেছে।

ভার্জের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি এমন কিছু যন্ত্রাংশ বিক্রি করবে, যেগুলো বিদ্যমানগুলোর আপডেট হিসেবে পরিগণিত হবে। উদাহরণস্বরূপ কেউ যদি ৬৪ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ মডেল ব্যবহার করে, তাহলে সে ৫১২জিবি ভ্যারিয়েন্টের ডিসপ্লে কিনতে পারবে। যেখানে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন ফিচার রয়েছে। প্যানেল পরিবর্তনের ক্ষেত্রে যে কেউ অতিরিক্ত ৫ ডলার ব্যয়ের মাধ্যমে একটি ফিক্স কিট কিনতে পারবে। স্ক্রিন পরিবর্তনে যেসব টুল প্রয়োজন, এতে তার সবই রয়েছে। সব যন্ত্রাংশের মধ্যে আইফিক্সিট বর্তমানে ডিভাইসের ব্যাটারি বিক্রি করবে না। তবে ভবিষ্যতে এটিও তালিকায় যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।