উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড গেম চালু করছে গুগল। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ব্যবহারকারীরা কিছু গেম খেলার সুযোগ পাবেন। গত ডিসেম্বরে এক ঘোষণায় উইন্ডোজে গেম চালুর ঘোষণা দিয়েছিলেন গুগলের এক শীর্ষ নির্বাহী। খবর গ্যাজেটস নাউ।
২০২১ সালে আয়োজিত গেম অ্যাওয়ার্ডসে গুগলের এক মুখপাত্র অ্যান্ড্রয়েড গেম চালুর ঘোষণা দিয়েছিলেন। ফলে এখন উইন্ডোজের ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে প্লে স্টোরে থাকা গেম খেলতে পারবেন। তবে এখন শুধু হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের নির্দিষ্টসংখ্যক বেটা টেস্টার গেম খেলতে পারবেন। সংশ্লিষ্টদের আশা সামনের মাসগুলোয় প্রতিষ্ঠানটি সবার জন্য পরিষেবাটি চালু করবে।
ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে গুগল গেম চালুর ঘোষণা দেয়। ভিডিওর বিস্তারিত বিবরণে বলা হয়, ডিসেম্বরে আমরা এক ঘোষণায় জানিয়েছিলাম যে শিগগিরই কম্পিউটারে গুগল প্লে গেমস চালু করা হবে। গেমারদের একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে তাদের গেমগুলো খেলার সুবিধা প্রদানে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ আমরা কোরিয়া, তাইওয়ান ও হংকংয়ে বেটা প্রোগ্রামের অংশ হিসেবে সাইন আপ কার্যক্রম চালু করছি।
উইন্ডোজ ১০ ও তার পরবর্তী সংস্করণেই শুধু গুগল প্লে স্টোর অ্যাপ ব্যবহার করে গেম খেলা যাবে। গত মাসে অনুষ্ঠিত ইভেন্টে গুগল জানায়, এ পরিষেবা প্রদানে তারা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি।










