সেলফোন বা স্মার্টফোনের জন্য সম্প্রতি দুটি নতুন চিপসেট উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এ চিপগুলো হলো এক্সিনোস ১৩৮০ এবং এক্সিনোস ১৩৩০। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, মিড-রেঞ্জের স্মার্টফোনের জন্য চিপ দুটি তৈরি করা হয়েছে। চিপগুলো উচ্চগতিসম্পন্ন সিপিইউ ও জিপিইউসংযুক্ত। ফলে এগুলো যুক্ত করা হলে ফোনের পারফরম্যান্সও উন্নত হবে। খবর গিজমোচায়না।

এক্সিনোস ১৩৮০: এক্সিনোস ১৩৮০ চিপটি একটি ৫ ন্যানোমিটারভিত্তিক প্রসেসর। চিপটিতে ২ দশমিক ৪ গিগাহার্টজের চারটি এআরএম করটেক্স এ৭৮ সিপিইউ এবং ২ গিগাহার্টজের চারটি করটেক্স এ৫৫ সিপিইউ রয়েছে। এছাড়া জিপিইউ হিসেবে আছে মালি জি৬৮। চিপটি ফুল এইচডি প্লাস রেজল্যুশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটে ডিভাইস রান করতে পারে। নতুন চিপসেটটি এলপিডিডিআর৪এক্স এবং এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩ দশমিক ১ স্টোরেজের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। চিপটিতে ট্রিপল আইএসপি রয়েছে যা ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে। জিরো শাটার ‌ল্যাগে এটি ৬৪ মেগাপিক্সেল রেজল্যুশনের ছবি তুলতে সক্ষম। 

নতুন প্রসেসরটি ৫জি নেট‌ওয়ার্ক সাপোর্টেড। এর ৬ গিগাহার্টজ নেটওয়ার্ক সুবিধার কারণে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ জিবি ডাউনলোড স্পিড এবং ১ দশমিক ২৮ জিবি আপলোড স্পিড পাওয়া যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বেইডু, গ্যালিলিও, গ্লোনাস, জিপিএস, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি। চিপসেটটি স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে।

এক্সিনোস ১৩৩০: এক্সিনোস ১৩৩০ চিপসেটটিও একটি নতুন ৫ ন্যানোমিটার চিপ। এটি স্মার্টফোনের পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম। এ চিপটিতে দুটি করটেক্স এ৭৮ এবং ছয়টি করটেক্স এ৫৫ সিপিইউ রয়েছে। এছাড়া মালি জি৬৮ এমপি২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এ চিপটিও ফুল এইচডি রেজল্যুশন সাপোর্টেড। তবে এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এ চিপসেটেও এলপিডিডিআর৪এক্স এবং এলডিপিডিডিআর৫ র‍্যাম চিপ এবং ইউএফএস ৩ দশমিক ১ ও ইউএফএস ২ দশমিক ২ স্টোরেজ সাপোর্টেড।

এক্সিনোস ১৩৩০ চিপটি আইএসপি সর্বোচ্চ ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্টেড। এটি জিরো শাটার ল্যাগে ৩২ মেগাপিক্সেল রেজল্যুশনের ছবি তুলতে সক্ষম। এর মাল্টি ফরম্যাট কোডেক ফোরকে রেজল্যুশনে ভিডিও ধারণে সহায়তা করে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটির এটি এন্ট্রি লেভেল চিপ। যাতে বিল্ট-ইন ৫জি মডেম যুক্ত হয়েছে। এ চিপটিও ৬ গিগাহার্টজ ৫জি নেটওয়ার্ক সাপোর্টেড। এর ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ২ দশমিক ৫৫ জিবি এবং আপলোডের গতি ১ দশমিক ২৮ জিবি। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বেইডু, গ্যালিলিও, গ্লোনাস, জিপিএস, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং আরো অনেক কিছু। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, চিপসেটটি গ্যালাক্সি এ১৪ ৫জি স্মার্টফোনটিতে প্রথম ব্যবহার করা হবে।