ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) স্পেসে প্রবেশের বিষয়ে গভীরভাবে ভাবছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। প্রটোকলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে অবগত ঘনিষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী ভিআর সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট তৈরিতে প্রতিষ্ঠানটি বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। খবর দ্য ভার্জ।

বিনিয়োগের একটি বড় অংশ মেধাবী ও পরিশ্রমীদের নিয়োগেই চলে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রটোকলের দেয়া নোটে বলা হয়েছে, গত বছর চীনের ভিআর হেডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিকো কিনে নেয় বাইটড্যান্স। অধিগ্রহণের পর সেখানে ৪০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। যার অধিকাংশই পিকো স্টুডিওর পশ্চিম উপকূলভিত্তিক শাখা ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের জন্য।

নিয়োগের মাধ্যমে ভিআর গেম স্ট্র্যাটেজি থেকে গেম অপারেশন ম্যানেজার পদেও দক্ষদের খোঁজা হচ্ছে। আরো যেসব পদ সেখানে খালি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে পিকোর ভিআর হার্ডওয়্যারে নজর বাড়ছে। অনেক সময় অপটিক্যাল ইঞ্জিনিয়ার ও সিস্টেমস ডিজাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও খোঁজা হচ্ছে।

প্রটোকল একটি সম্ভাব্য সূচক অনুসারে পিকোর হেড অব কনজিউমার সেলসের বিষয়ে বলে, পিকো যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। তার পরও এখনো পিকোর অনেক কিছু করার রয়েছে। বাইটড্যান্সই পারে সেখানে ধাক্কাটা দিতে যেন তারা মেটা, এইচটিসি, ভালভ ও প্লেস্টেশনের বাজারে আনা অসংখ্য মূলধারার হেডসেটের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। বাজারে এরই মধ্যে পিকোর বানানো বেশকিছু পণ্য এসেছে কিন্তু তারা চেষ্টা করছে এর তুলনায় একটু হলেও বেশি কিছু সবার হাতে তুলে দিতে।