মার্কেটিং গুরু ফিলিপ কটলার ও তার সহযোগীদের লেখা ‘অ্যাসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ (ইওএমএম) শীর্ষক বই নিয়ে সম্প্রতি গ্রামীণফোন, কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) ও গ্রামীণফোনের মিডিয়া পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বছরই বইটি প্রকাশ করা হবে।
বইটির প্রকাশনা উপলক্ষে জিপি হাউজে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সিডিএসও সোলায়মান আলম, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী এবং হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন জাহিদুজ জামান। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নজরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ এবং ইওএমএম প্রকল্পের কো-অর্ডিনেটর জায়েদ ইকবাল আবির। অনুষ্ঠানে গ্রামীণফোনের মিডিয়া এজেন্সি হিসেবে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবং নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, দেশের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানুষের ডিজিটাল জীবনধারার পরিবর্তন ঘটছে। ‘মাইজিপি’ অ্যাপ মানুষের এই পরিবর্তিত ডিজিটাল চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে যাচ্ছে এবং দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি ও ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপের সফলতার গল্প ফিলিপ কটলারের বইতে প্রকাশিত হবে বলে আমি অত্যন্ত আনন্দিত। মাইজিপির যাত্রা নতুন যুগের মার্কেটারদের অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি।
ফিলিপ কটলারের বইটির স্থানীয় সংস্করণে বাংলাদেশে গ্রামীণফোনের সাফল্যের গল্প তুলে ধরা হবে। এতে করে নতুন যুগের মার্কেটারদের মাঝে উদ্যোক্তার মানসিকতা তৈরি হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সামাজিক নানা উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য বড় কিছু করতে উদ্যোক্তাদের উৎসাহিত করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ইওএমএম’র জন্য গ্রামীণফোনের সঙ্গে এনইউবির চুক্তি স্বাক্ষরের এই ঐতিহাসিক মুহূর্ত কর্পোরেট বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।
এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের মাইজিপির সাফল্যের গল্প জমা দিয়েছে। জিপির এই ফ্ল্যাগশিপ অ্যাপ ব্যবহারকারীদের পার্সোনালাইজড কনটেন্ট সেবা দেয়, উদ্ভাবনীর বিকাশ ঘটায় এবং অসীম সম্ভাবনা উন্মোচনে কাজ করে। বর্তমানে, মাইজিপির ১ কোটি ৫০ লাখের বেশি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছেন। ইনস্ট্যান্ট ডিজিটাল পার্টনার হিসেবে মাইজিপি বিভিন্ন সেলফ-সার্ভিস সুবিধা প্রদান করে এবং কয়েক ট্যাপে বিনোদন ও জীবনধারার নানাবিধ সমাধানের মধ্য দিয়ে গ্রাহকদের জীবনের মান উন্নয়নে অবদান রাখছে।
‘অ্যাসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’-এ উপস্থাপিত মাইজিপির কেস স্টাডি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অগণিত স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী, প্রফেশনাল, বিশেষজ্ঞ এবং কর্মীদের অ্যাকাডেমিক ক্ষেত্রে এবং জ্ঞান লাভে সহায়তা করবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরেই বইটির মুদ্রিত কপি পাওয়া যাবে। বইয়ের ছাড়াও বইটি অ্যামাজন ডট কমেও পাওয়া যাবে।










