চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ফোল্ডেবল ফোন বিক্রি হয়েছে ২২ লাখ ২০ হাজার ইউনিট। গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা বেড়েছে ৫৭১ শতাংশ। তবে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে ফোল্ডেবল ফোন বিক্রি কমেছে ১৮ শতাংশ। স্যামসাং ফোল্ডেবল সিরিজের হাত ধরে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৪২ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। খবর গিজমোচায়না।

গত বছরের চতুর্থ প্রান্তিকের মতো চলতি বছরের প্রথম প্রান্তিকেও ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে স্যামসাং। তবে তাদের বাজার হিস্যা কিছুটা কমে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বাজার হিস্যা ছিল ২০ শতাংশ। অন্য ব্র্যান্ডগুলোর হিস্যা খুবই নগণ্য।

বিক্রির দিক থেকে ক্ল্যামশেল ফোন ছিল সবচেয়ে জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন। মোট ফোল্ডেবল ফোনের বাজার হিস্যা ছিল ৭০ শতাংশ। তার মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ফোল্ডেবল ফোনটির বাজার হিস্যা ছিল ৫১ শতাংশ। টানা তৃতীয় প্রান্তিকের মতো দ্বিতীয় জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন ছিল গ্যালাক্সি জি ফোল্ড ৩। হুয়াওয়ের ক্রমবর্ধমান বাজার হিস্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে তাদের ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন হুয়াওয়ে পকেট ৫০। প্রথম প্রান্তিকে ফোল্ডেবল সেগমেন্টে জনপ্রিয় এ তিনটি মডেলের বাজার হিস্যা ছিল ৯১ শতাংশ।

বাজার বিশ্লেষক সংস্থা ডিএসসিসির মতে, ২০২২ সালে শক্তিশালী প্রবৃদ্ধি দেখবে ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্ট। চলতি বছরে ১ কোটি ৬০ লাখ ইউনিট ফোল্ডেবল ফোন বিক্রি হতে পারে, যা আগের বছরের তুলনায় ১০৭ শতাংশ বেশি। স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি জি ফ্লিপ ৪ ও জি ফোল্ড ৪ এতে প্রধান ভূমিকা রাখবে।