বিশ্বের বেশির ভাগ দেশে যেখানে ফাইভজি চালু হয়নি, সেখানে সিক্সজিতে বিশেষ সফলতার দাবি চীনের একটি ল্যাবের। রাষ্ট্র নিয়ন্ত্রিত পার্পেল মাউন্টেন ল্যাবরেটরিজের দাবি সিক্সজি স্পিডে তারা বেশ সফলতা পেয়েছে। চায়না মোবাইলের মতো দেশের কয়েকটি টেলিকম জায়ান্ট ও ফিউডেন বিশ্ববিদ্যালয় মিলে এ বিশেষ সফলতা দেখিয়েছে তারা। খবর টেকটাইমস।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা যায়,   পার্পেল মাউন্টেন ল্যাবরেটরিজের গবেষকদের একটি দলের সিক্সজি তারবিহীন প্রযুক্তি গবেষক দলটির প্রধান ছিলেন ইয়ু শাহু। সিক্সজি প্রযুক্তির গতি প্রতি সেকেন্ডে ২০৬ দশমিক ২৫ গিগাবাইট। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যমতে, এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম ডাটা পরিবহন মাত্রা। তথ্যানুযায়ী প্রযুক্তিটির ফ্রিকোয়েন্সি ব্যান্ড ৩০০ গিগাহার্জ থেকে ৩ টেরাহার্জ পর্যন্ত।

সব দেশে ফাইভজি প্রযুক্তির প্রচলন সার্বিকভাবে শুরু না হলেও এরই মধ্যে সিক্সজি উদ্ভাবনের খবর দিয়েছে চীন। সংশ্লিষ্টরা জানান, আগের প্রযুক্তিগুলো থেকে ২০ গুণ দ্রুত ডাটা পরিবহনে সক্ষম ফাইভজি। সিক্সজি তারই বর্ধিত উত্তরসূরি।