সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত ফাইল শেয়ার করার সুবিধা চালু করেছে গুগল ড্রাইভ। প্রতিনিয়ত যাদের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভের শেয়ার লিস্টে এখন থেকে তাদের নাম সাজেশনে থাকবে। খবর টেকরাডার।
সম্প্রতি এক ব্লগপোস্টের মাধ্যমে ক্লাউড প্লাটফর্মের নতুন এ ফিচারের বিষয়ে জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ১৯ নভেম্বর থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। টেকরাডার প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, উৎপাদনশীলতা আর সহযোগিতা বাড়াতে গুগল ওয়ার্কস্পেস সাজেস্টেড কনটাক্টস ফিচার চালু করেছে। আগে যে ঘরে প্রাপকের নাম বা ই-মেইলের ঠিকানা লিখতে হতো, সেখানে মাউস বসিয়ে ক্লিক করলেই সহকর্মী বা বন্ধুদের নাম সাজেশন আকারে আসবে।
গুগল এরই মধ্যে নতুন ফিচারটি ওয়ার্কস্পেস ও লিগ্যাসি জি স্যুট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য চালুর উদ্যোগ নিয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছাতে দু-এক সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ মুহূর্তেই নতুন ফিচারটির বাড়তি সুবিধা পাবে না বলেও জানানো হয়েছে।
নতুন আপডেট ছাড়াও গুগল কয়েক সপ্তাহ ধরেই শেয়ার শিটে বেশকিছু পরিবর্তন এনেছে। ফাইল শেয়ারে প্রবেশ করার সময়সীমা বেঁধে দেয়ার মতো ফিচারও নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। ক্লাউড পরিষেবা বিস্তারে বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাজ করছে। এ খাতে মাইক্রোসফট এরই মধ্যে তাদের প্লাটফর্মে ছোটখাটো বেশকিছু পরিবর্তন এনেছে বলেও প্রকাশিত প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে।










