প্রসেসরের বাজারে বর্তমানে ইন্টেল ও এএমডির দ্বৈরথ চলমান। এ প্রতিযোগিতায় টিকে থাকতে সম্প্রতি কোর আইনাইন ১৩৯০০কেএস প্রসেসর উন্মোচন করেছে ইন্টেল। চমকের বিষয় হচ্ছে, নতুন প্রসেসরটি ওভারক্লকিং ছাড়াই ৬ গিগাহার্টজ স্পিড পর্যন্ত যেতে পারে। ফলে এটিই এখন প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে দ্রুতগতির ডেস্কটপ প্রসেসর। খবর এনগ্যাজেট।

চিপে ব্যবহূত থার্মাল ভেলোসিটি বুস্ট ফিচারের কারণে এটি সম্ভব হয়েছে। যে কারণে ঠাণ্ডা থাকা অবস্থায় চিপটি আরো দ্রুত কাজ করতে পারে। আইনাইন ১৩৯০০কে-এর উন্নত ভার্সন হচ্ছে ১৩৯০০কেএস। গত বসন্তে ১৩৯০০কে বাজারজাত করেছিল ইন্টেল। দুটি চিপের মধ্যে পার্থক্য হচ্ছে আগের চিপটি সর্বোচ্চ ৫ দশমিক ৮ গিগাহার্টজ গতি পর্যন্ত যেতে পারত এবং মাত্র ১২৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করত। যেখানে নতুন চিপটি ১৫০ ওয়াট ব্যয় করে।

আইনাইন ১৩৯০০কে-এর মতো ১৩৯০০কেএসেও সমানসংখ্যক ২৪ কোর, ৩৬ মেগাবাইটি ক্যাশ ও ২০টি পিসিআইই লেন রয়েছে। এছাড়া নতুন প্রসেসরটি জি৭৯০ ও জি৬৯০ মাদারবোর্ডে ব্যবহার করা যাবে। তবে বায়োস ভার্সন আপডেট করতে হবে।